বেনাপোল দিয়ে ভারত থেকে এসেছে ১৩ হাজার ৫০০ মেট্রিক টন চাল

0
বেনাপোল দিয়ে ভারত থেকে এসেছে ১৩ হাজার ৫০০ মেট্রিক টন চাল

শার্শা প্রতিনিধি: বাংলাদেশে চালের বাজার স্থিতিশীল রাখতে সরকারি অনুমোদনের পর বেনাপোল স্থলবন্দর দিয়ে পুনরায় চাল আমদানি শুরু হয়েছে। গত ২১ আগস্ট থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ৮৮ দিনের মধ্যে ৪৩ কার্যদিবসে ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোলে এসেছে ১৩ হাজার ৫২৮ মেট্রিক টন মোটা চাল।

বন্দর সূত্র জানায়, তিন মাসে ১৪৫টি চালানে মোট ৩৯৫টি ট্রাকে এসব চাল আসে। শুরুতে ২১ আগস্ট ৯টি ট্রাকে ৩১৫ মেট্রিক টন চাল আমদানি হয়। পরবর্তী সময়ে আগষ্টে ১,২৬০ মেট্রিক টন, সেপ্টেম্বরে ৫,৪৩৫ মেট্রিক টন, অক্টোবরে ৫,১৮৮ মেট্রিক টন এবং নভেম্বরে ১,৬৪৫ মেট্রিক টন চাল দেশে প্রবেশ করে।

বেনাপোল কাস্টমস হাউজে চার পাঁচটি সিঅ্যান্ডএফ এজেন্সি চাল ছাড়করণে কাজ করছে। বন্দরের ৩১ নম্বর শেডে এসব চাল দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সিঅ্যান্ডএফ প্রতিনিধি জাহিদুল ইসলাম জানান, চার মাস বন্ধ থাকার পর ২১ আগস্ট আবার চাল আমদানি শুরু হয়। আমদানিকৃত চালের বড় অংশই ভূঁইয়া এন্টারপ্রাইজের মাধ্যমে ছাড় করা হচ্ছে।

বেনাপোল ইমপোর্ট এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, চাল আমদানি শুরুর দিকে পরিমাণ বেশি থাকলেও এখন কিছুটা কমেছে। তবে বিভিন্ন বন্দর দিয়ে আমদানি অব্যাহত থাকায় বাজার স্থিতিশীল রয়েছে।

সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে আমদানিকারকরা এলসি খুলে চাল আমদানি করছেন। তার মতে, এখন আমদানি কমলেও সমস্যা হবে না। কৃষকরা ইতোমধ্যে আমন ধান কাটতে শুরু করেছে চাল বাজারে।