খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না, সবাই দোয়া করবেন উনার জন্য : আসিফ নজরুল

0
খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না, সবাই দোয়া করবেন উনার জন্য : আসিফ নজরুল

বাংলাদেশ প্রতিবেদকঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে মধ্যরাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শুক্রবার (২৮ নভেম্বর) রাতে আইন উপদেষ্টা এবং তার বিশেষ সহকারী মনির হায়দারকে হাসপাতালে পাঠান। এ সময় সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

হাসপাতাল থেকে বেরিয়ে এসব তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।

হাসপাতাল থেকে ফিরেই শুক্রবার (২৮ নভেম্বর) রাতে তার ভেরিভাইড ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা জানান, এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলাম। এখনি ফিরলাম। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা একদমই ভালো না। সবাই দোয়া করবেন উনার জন্য।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান জানিয়েছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হয়েছে।

বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে বৈঠক শেষে হাসপাতাল থেকে বের হয়ে তার সর্বশেষ অবস্থা তুলে ধরেন তিনি। শুক্রবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করেন তিনি।

এ সময় মঈন খান বলেন, ‘আজ মেডিকেল বোর্ড বসেছিল। বোর্ড তার সর্বশেষ শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, পর্যালোচনা করেছে এবং সে অনুযায়ী চিকিৎসা ব্যবস্থা নিচ্ছে। চিকিৎসকরা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক বিভিন্ন প্যারামিটার নিয়মিত স্টাডি করা হচ্ছে এবং প্রতিটি সিদ্ধান্তই সেই অনুযায়ী নেওয়া হচ্ছে।’ এর আগে শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন।

প্রধান উপদেষ্টা তিনবারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার চিকিৎসায় যেন কোনো ধরনের ঘাটতি না থাকে। প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত।’

প্রধান উপদেষ্টা আরও বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে বেগম খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা। তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এরপর তার এই মানবিক অনুভূতির প্রকাশের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।