জুলাই শহীদদের ১৮২ অজ্ঞাত লাশ উত্তোলন প্রক্রিয়া শুরু কাল থেকে

0
জুলাই শহীদদের ১৮২ অজ্ঞাত লাশ উত্তোলন প্রক্রিয়া শুরু কাল থেকে

বাংলাদেশ প্রতিবেদকঃ জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার কবরস্থানে দাফন করা অজ্ঞাত ১৮২ শহীদের মরদেহ উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে । শহীদদের ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড (ডিএনএ) নমুনা সংগ্রহের কাজ শুরু করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

ফরেনসিক বিশেষজ্ঞ ডাক্তার লুইস ফন্ডেব্রিডার এবং সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এই কাজ শুরু হবে।

এর আগে গত ২ ডিসেম্বর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত শহীদদের কবর পরিদর্শন করেন সিআইডির কর্মকর্তারা।

ইতোমধ্যে কবর থেকে মরদেহ উত্তোলন এবং নমুনা সংগ্রহের জন্য তাঁবু টানানো হয়েছে। এর আগে গত ৪ আগস্ট ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পুলিশি আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন।

পুলিশের পক্ষ থেকে আদালতে করা আবেদনে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক মাহিদুল ইসলাম উল্লেখ করেন, কোটা সংস্কার আন্দোলন থেকে জন্ম নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন বয়সের নারী-পুরুষ নিহত হন। তাদের পরিচয় শনাক্তের জন্য কবর থেকে উত্তোলন করা দরকার। তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন আদালত।

সিআইডির ফরেনসিক ইউনিটের কর্মকর্তারা জানান, বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই আন্দোলনে অজ্ঞাত পরিচয় শহিদদের লাশ উদ্ধারে কবরস্থান এলাকায় তাঁবু স্থাপন করা হয়েছে। এই অস্থায়ী তাঁবুতে ময়নাতদন্ত করা হবে। পরবর্তীতে আবার মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দাফন করা হবে।

সিআইডি সূত্রে আরও জানা যায়, অজ্ঞাত পরিচয় শহিদদের পরিচয় শনাক্তে বিদেশি বিশেষজ্ঞ ফরেনসিক ইউনিটকে সহযোগিতার কথা রয়েছে। মরদেহ উত্তোলন ও ডিএনএ নমুনা সংগ্রহের পুরো প্রক্রিয়া অন্তত এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।