রাজধানীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় বাইক আরোহী ২ বন্ধুর মৃত্যু

0

কাগজ প্রতিবেদক: রাজধানীর শেরে বাংলানগর এলাকায় আগারগাঁও শিশু মেলা সংলগ্ন রাস্তায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তায়েবুল ইসলাম রাশেদ (৩০) ও শাকিব (২৯) নামে দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে কাভার্ড ভ্যানের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়। আর শাকিবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

শেরে বাংলানগর থানার ডিউটি অফিসার এসআই লিটন মাতব্বর জানান, শিশু মেলা সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। দুর্ঘটনার পরপরই কাভার্ড ভ্যানসহ চালক মনির হোসেনকে (৩৫) আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, নিহতদের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। রাশেদের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে ও শাকিবের মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।