আন্তর্জাতিক ডেস্কঃ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাহবাজ শরীফ। সোমবার ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে সশরীরে উপস্থিত হয়ে তিনি এই শোক জানান।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্সের কাছে সমবেদনা জ্ঞাপন করেন এবং সেখানে রক্ষিত শোক বইয়ে (Condolence Book) বিশেষ বার্তা স্বাক্ষর করেন। এরপর তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতেহা পাঠ ও দোয়া করেন।
শোকবার্তায় শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়াকে একজন দূরদর্শী জননেতা ও প্রজ্ঞাবান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেন। তিনি উল্লেখ করেন:
বেগম জিয়া সারাজীবন জনকল্যাণ ও দেশসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তিনি পাকিস্তানের একজন অকৃত্রিম ও আন্তরিক বন্ধু ছিলেন। রাজনীতিতে তাঁর অবদান অনন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণাদায়ক হয়ে থাকবে।
পাকিস্তানের সরকার ও জনগণের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বেগম জিয়ার শোকসন্তপ্ত পরিবার, তাঁর অগণিত অনুসারী এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন। তিনি পরম করুণাময়ের কাছে মরহুমার বিদেহী আত্মার শান্তি এবং জান্নাতুল ফেরদাউস প্রার্থনা করেন।
এ সময় পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমিসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

