মহেশপুরে সীমান্তবর্তী ইছামতি নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

0
মহেশপুরে সীমান্তবর্তী ইছামতি নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরের ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ এর খোশালপুর অংশ থেকে জুয়েল রানা (২২) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার(৮জানুয়ারী) সকাল সাড়ে ১১ টার দিকে বিজিবি এ তথ্য নিশ্চিত করে। সে ওই গ্রামের আনারুল হকের ছেলে। তবে মৃত জুয়েল মানষিক ভারসাম্যহীন ছিল বলে বিজিবি জানায়।

ঝিনাইদহ বিজিবি-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল রফিকুল আলম বলেন, বুধবার সকাল ১১ টার দিকে বাড়ি থেকে শুণ্য লাইন হতে দুই শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে খোশালপুর মাঠে জমি থেকে ঘাষ কাটতে যায় জুয়েল রানা। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে বৃহস্পতিবার সকালে তার পরিবারের সদস্যরা বিজিবি’কে জানায় জুয়েল রানা কে খুজে পাওয়া যাচ্ছে না। এরপর বিজিবি সীমান্ত এলাকায় অনুসন্ধান শুরু করে। কিছুক্ষণ পর ভারত সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ পাওয়া যায়। পাশেই ক্ষেতে তার ব্যবহৃত প্যান্ট, শার্ট পাওয়া যায়।

তিনি আরো জানান,ধারনা করা হচ্ছে মানষিক ভারসাম্যহীনতার কারনে কোন কারন বশত নদীর পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে।তবে স্থানীয়রা বলছে জুয়েলসহ একই গ্রামের তিন যুবক একসঙ্গে সীমান্ত এলাকায় যাতায়াত করত। তারা অবৈধ মালামাল আনার সঙ্গে জড়িত ছিল বলেও তাদের সন্দেহ। স্থানীয় ইউপি সদস্য এনামুল হক বলেন,সকালে খবর পেয়ে আমরা সীমান্তবর্তী ইছামতি নদীর বাংলাদেশ অংশে কচুরিপানা অধ্যুষিত একটি অংশে জুয়েল রানার মৃতদেহ দেখতে পাই।

তিনি আরও বলেন শুনেছি জুয়েলসহ কয়েকজন ভারত থেকে অবৈধ মালামাল আনার কাজ করতো।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন,ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।