বাংলাদেশ প্রতিবেদকঃ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সঙ্গে সফল বৈঠকের পর সারা দেশে এলপি গ্যাস ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিইআরসি কার্যালয়ে চেয়ারম্যান জালাল আহমেদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর ফলে দুপুর থেকেই বাজারে পুনরায় এলপিজি সরবরাহ ও বিক্রি শুরু হয়েছে।
বুধবার রাতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ও জরিমানার প্রতিবাদে সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছিল গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি। তবে আজকের বৈঠকে ব্যবসায়ীরা বেশ কিছু যৌক্তিক দাবি তুলে ধরেন। সমিতির সভাপতি সেলিম খান জানান:
ভোক্তা অধিকারের অযাচিত অভিযান বন্ধ করতে হবে। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় ১৫০০ টাকা নির্ধারণ করতে হবে।
বর্তমান সংকট কাটাতে এবং বাজারে স্থিতিশীলতা ফেরাতে সরকার বেশ কিছু দীর্ঘমেয়াদী উদ্যোগ নিয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ দুটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছে চিঠিতে,
এলপিজি-কে পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে বিবেচনা করে আমদানি ও উৎপাদন পর্যায়ে ভ্যাট এবং ট্যাক্স কমানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ জানানো হয়েছে।
এলপিজি আমদানির পথ সুগম করতে বাণিজ্যিক ব্যাংকগুলোতে এলসি (ঋণপত্র) খোলা এবং ঋণ প্রাপ্তিতে অগ্রাধিকার দিতে গভর্নরকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গতকাল রাত থেকে সিলিন্ডার উত্তোলন ও বিক্রি বন্ধ থাকায় সাধারণ ভোক্তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে ধর্মঘট প্রত্যাহারের পর বিইআরসি আশ্বস্ত করেছে যে, সরবরাহ ব্যবস্থায় আর কোনো বিঘ্ন ঘটবে না। একই সাথে কর কাঠামো পুনর্বিন্যাস করা হলে এলপিজির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে চলে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

