ভারতীয়দের জন্য দুঃসংবাদ, এবার কলকাতা-মুম্বাই-চেন্নাইয়েও ভিসা সীমিত করল বাংলাদেশ

0
ভারতীয়দের জন্য দুঃসংবাদ, এবার কলকাতা-মুম্বাই-চেন্নাইয়েও ভিসা সীমিত করল বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেদকঃ দিল্লি, আগরতলা ও গুয়াহাটির পর এবার ভারতের আরও তিনটি গুরুত্বপূর্ণ শহর—কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনগুলোতে ভারতীয় নাগরিকদের জন্য ভিসা প্রদান কার্যক্রম সীমিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্তের ফলে ব্যবসায়িক ও কর্মসংস্থান ভিসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে, বিশেষ করে পর্যটন ভিসা প্রাপ্তি কার্যত বন্ধ হয়ে গেল।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারতের বড় শহরগুলোতে অবস্থিত বাংলাদেশের উপ-হাইকমিশনগুলো এখন থেকে পর্যটন সেবায় কঠোর নিয়ন্ত্রণ আরোপ করছে। এর ফলে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে প্রবেশের সুযোগ অনেকটা সংকুচিত হয়ে পড়ল। বর্তমানে কেবল গুয়াহাটির অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন অফিস থেকে সীমিত পরিসরে ভিসা কার্যক্রম চালু রয়েছে বলে জানা গেছে।

বাংলাদেশ উপ-হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তি জারি করা না হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, বুধবার থেকেই পর্যটক ভিসা প্রদান প্রক্রিয়া ‘সীমিত’ করা হয়েছে। তবে তারা স্পষ্ট করেছেন যে, পর্যটক ভিসা সীমিত করা হলেও বাণিজ্যিক ও জরুরি কর্মসংস্থান ভিসা এখনো ইস্যু করা হচ্ছে।

কারিগরি বা প্রশাসনিক কারণ এবং দ্বিপাক্ষিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সাময়িক কড়াকড়ি আরোপ করা হয়েছে।

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সৃষ্ট অস্থিরতায় ভারতের চারটি ভিসা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটে। নিরাপত্তা শঙ্কায় ভারত সরকার তখন থেকেই বাংলাদেশি নাগরিকদের জন্য তাদের ভিসা কার্যক্রম ব্যাপকভাবে সীমিত করে দেয়। বর্তমানে জরুরি চিকিৎসা (মেডিকেল) ও কিছু বিশেষ ক্ষেত্র ছাড়া সাধারণ বাংলাদেশিদের জন্য ভারতের পর্যটন ভিসা প্রদান পুরোপুরি বন্ধ রয়েছে। দিল্লির পর ঢাকার এই পদক্ষেপকে সেই পরিস্থিতিরই একটি পাল্টাপাল্টি প্রভাব হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

উভয় দেশের ভিসা কার্যক্রমে এই অচলাবস্থার কারণে পর্যটন শিল্পের পাশাপাশি দুই দেশের সাধারণ মানুষের যাতায়াতেও বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তৈরি হয়েছে।