চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে একটি ১০ ফুট উচ্চতার গাঁজা গাছসহ ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬) দুপুর ১টার দিকে শিবগঞ্জ থানাধীন শাহাবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ধোবড়া গ্রামের বাসিন্দা মোঃ আজম আলী ওরফে আজিম (৫৫) এর বসতবাড়ির আশপাশ থেকে একটি ১০ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার করা হয়। গাছটির কাঁচা ডালপাতাসহ ওজন ছিল প্রায় ৫ কেজি। এছাড়া একটি বাজার ব্যাগের মধ্যে হালকা নীল রঙের দুটি পলিথিনে মোড়ানো ১ কেজি ও ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার মোট ওজন দাঁড়ায় ১ কেজি ৪০০ গ্রাম।
অভিযানের সময় অভিযুক্ত মোঃ আজম আলী পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তার পিতা মৃত ফারাজ আলী এবং মাতা মৃত জুবাইদা বেগম। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের ডিডি চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

