রতন ঘোষ : কিশোরগঞ্জের কটিয়াদীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ৬ জন আহত হয়েছেন, তন্মধ্যে একজনের পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। আহতরা হলেন ডানপা বিচ্ছিন্ন হওয়া(১) হানিফ মিয়া, (২)মানিক মিয়া(৩) শাহ আলম, (৪)রবিন মিয়া ও (৫)সুমন মিয়া, আহত একজনের পরিচয় জানা যায়নি। আহতদের প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা সহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ১১ই জানুয়ারি রবিবার উপজেলার চান্দপুর ইউনিয়নের, পূর্ব মন্ডল ভোগ, গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায় যে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে, ছয় মাস পূর্বে নুরুজ্জামান ও মানিক পক্ষের মধ্যে জমা -জমির বিরোধ নিয়ে শালিশ বসে। সালিশে উস্কানিমূলক কথাবার্তা কে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। উভয়েই উভয় পক্ষের বিরুদ্ধে মামলা দায়ের করে। রবিবার ১১ই জানুয়ারি দুই পক্ষ পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে হানিফ মিয়ার ডান পা গোড়ালির উপর থেকে বিচ্ছিন্ন ও বাম হাতের অনেকাংশই কেটে যায়।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহবুবুর রহমান, জানান এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

