
ক্রীড়া প্রতিবেদকঃ নিরাপত্তা অজুহাতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অন্যতম সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার বিতর্কিত সুপারিশ করেছে আইসিসির সিকিউরিটি টিম। একই সাথে টাইগার সমর্থকদের গ্যালারিতে বা বাইরে জাতীয় জার্সি না পরারও পরামর্শ দেওয়া হয়েছে। আইসিসির এমন ‘উদ্ভট’ ও ‘অবাস্তব’ প্রস্তাবকে সরাসরি প্রত্যাখ্যান করে ভারতের মাটিতে খেলতে যাওয়ার ব্যাপারে কঠোর অবস্থান জানিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার বাফুফে ভবনে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এই বিস্ফোরক তথ্য ফাঁস করেন।
আইসিসির তিন ‘বিচিত্র’ সুপারিশ ক্রীড়া উপদেষ্টা জানান, ভারতের মাটিতে বাংলাদেশের নিরাপত্তা ঝুঁকি নিয়ে বিসিবির আপত্তির জবাবে আইসিসি একটি চিঠি পাঠিয়েছে। সেখানে আইসিসির সিকিউরিটি টিম ভারতের মাটিতে টাইগারদের নিরাপত্তা শঙ্কার তিনটি প্রধান কারণ ও তা এড়ানোর সুপারিশ উল্লেখ করেছে:
১. মোস্তাফিজ ইস্যু: বাঁ-হাতি পেসার মোস্তাফিজুর রহমান দলে থাকলে নিরাপত্তা ঝুঁকি চরমে পৌঁছাতে পারে। তাই তাকে ছাড়াই দল গঠনের ইঙ্গিত দেওয়া হয়েছে। ২. জার্সি বিতর্ক: বাংলাদেশের সমর্থকরা ভারতের মাটিতে জাতীয় জার্সি পরে চলাফেরা করলে তারা উগ্রবাদী হামলার শিকার হতে পারেন। ৩. ভারতের নির্বাচন: দেশটিতে আসন্ন নির্বাচন যত ঘনিয়ে আসবে, বাংলাদেশ দলের ওপর হামলার শঙ্কা তত বাড়বে।
আইসিসির এই চিঠির কড়া সমালোচনা করে আসিফ নজরুল বলেন, “আইসিসি নিজেই স্বীকার করে নিল যে ভারতে বাংলাদেশের খেলোয়াড় ও সমর্থকদের নিরাপত্তা নেই। আমাদের সেরা বোলারকে বাদ দিয়ে দল গড়া কিংবা সমর্থকদের জার্সি পরতে বাধা দেওয়া—এমন উদ্ভট আবদার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আইসিসি সিকিউরিটি টিমের এই চিঠিই প্রমাণ করে যে বর্তমানে ভারতে খেলার কোনো পরিস্থিতি নেই।”
তিনি আরও যোগ করেন, “ভারত যদি ভেন্যু পরিবর্তন করে কেরালা বা অন্য কোথাও নেয়, তাতেও আমাদের আপত্তি আছে। কারণ ইন্ডিয়া মানে ইন্ডিয়াই। যেখানে আমাদের খেলোয়াড়দের জীবনের নিরাপত্তা নেই, সেখানে আমরা নতি স্বীকার করব না।”
বিগত ১৬ মাস ধরে ভারতের বিরাজমান ‘উগ্র সাম্প্রদায়িক ও বাংলাদেশ-বিদ্বেষী’ পরিবেশের কথা উল্লেখ করে উপদেষ্টা আইসিসিকে সাফ জানিয়ে দেন যে, ক্রিকেট কারও ‘মনোপলি’ হতে পারে না। তিনি শ্রীলঙ্কা, পাকিস্তান বা আরব আমিরাতের মতো নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়ার দাবি জানান।
ইংল্যান্ডসহ কয়েকটি দল শ্রীলঙ্কার বদলে ভারতের ভেন্যুতে খেলার যে জটিলতা তৈরি করেছে, সে বিষয়েও কথা বলেন উপদেষ্টা। তিনি স্পষ্ট করেন, অন্য কোনো দলের ভেন্যু সুবিধা রক্ষার জন্য বাংলাদেশ নিজের খেলোয়াড়দের জীবনের ঝুঁকি নেবে না। আইসিসি একটি বৈশ্বিক সংস্থা হিসেবে সব দেশের জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য।
ক্রীড়া বিশ্লেষকদের মতে, একজন নির্দিষ্ট খেলোয়াড়কে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির কথা বলা আন্তর্জাতিক ক্রিকেটে এক নজিরবিহীন ঘটনা। মোস্তাফিজুর রহমানের মতো একজন বৈশ্বিক তারকাকে মাঠের বাইরে রাখার এই চেষ্টা ভারতীয় ক্রিকেট রাজনীতির কোনো কৌশল কি না, তা নিয়ে ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে।
