আন্তর্জাতিক ডেস্কঃ থাইল্যান্ডে এক ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় নাখোন রাতচাসিমা প্রদেশে একটি যাত্রীবাহী ট্রেনের ওপর নির্মাণাধীন উচ্চগতির রেল প্রকল্পের একটি বিশালাকার ক্রেন আছড়ে পড়লে এই বিপর্যয় ঘটে। এতে আহত হয়েছেন আরও ৩০ জনের বেশি মানুষ।
পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, রাজধানী ব্যাংকক থেকে উবন রাতচাথানিগামী ট্রেনটি বুধবার স্থানীয় সময় সকালে নাখোন রাতচাসিমা প্রদেশের সিখিও জেলা অতিক্রম করছিল। এসময় পাশের একটি নির্মাণাধীন রেল প্রকল্পের ক্রেন আকস্মিকভাবে চলন্ত ট্রেনের একটি বগির ওপর ভেঙে পড়ে। প্রচণ্ড আঘাতে ট্রেনটি লাইনচ্যুত হয় এবং মুহূর্তের মধ্যেই বগিতে আগুন ধরে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামোর ভেতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। পুলিশ প্রধান থাচাপোন চিন্নাওং নিশ্চিত করেছেন যে, ঘটনাস্থলেই ২২ জনের মৃত্যু হয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্টেট রেলওয়ে অব থাইল্যান্ডের তথ্যমতে, ট্রেনটিতে ১৯৫ জন যাত্রীর আসন বরাদ্দ ছিল। তবে দুর্ঘটনার সময় ঠিক কতজন যাত্রী সেখানে অবস্থান করছিলেন, তা যাচাই করা হচ্ছে।
ঘটনার পরপরই থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী ফিপাত রাচাকিতপ্রাকর্ন শোক প্রকাশ করেছেন এবং একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। তিনি জানান:
“নির্মাণকাজে কোনো ধরনের গাফিলতি ছিল কি না কিংবা নিরাপত্তা বিধি লঙ্ঘন করা হয়েছে কি না, তা অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে।”
এই দুর্ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটি বা কারিগরি অবহেলার কারণে ক্রেনটি ভারসাম্য হারিয়ে ট্রেনের ওপর পড়ে থাকতে পারে। বর্তমানে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

