‘১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে’: বাড্ডার জনসভায় নাহিদ ইসলাম

0
‘১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্ট ব্যর্থ হবে’: বাড্ডার জনসভায় নাহিদ ইসলাম

বাংলাদেশ প্রতিবেদকঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিয়ে ঘরে ফেরার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১১ আসনের ১০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

আজ রোববার বাড্ডার নির্বাচনী জনসভায় তিনি বলেন, “৫ আগস্ট যেভাবে সফল করেছি, ১২ ফেব্রুয়ারিও সেভাবে সফল হবো। ইনশাআল্লাহ, ওইদিন আমরা বিজয় নিয়েই ঘরে ফিরব।”

৫ আগস্টের গণঅভ্যুত্থানকে অর্থবহ করতে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হওয়া অপরিহার্য বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, “১২ ফেব্রুয়ারি ব্যর্থ হলে ৫ আগস্টের অর্জন ব্যর্থ হয়ে যাবে।” শুধু ঢাকা-১১ নয়, সারা বাংলাদেশে ১০ দলীয় ঐক্যজোটের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি একে ‘আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার জোট’ হিসেবে অভিহিত করেন।

ঢাকা-১১ এলাকার প্রধান সমস্যা হিসেবে ‘ভূমিদস্যুতা’কে চিহ্নিত করেন তিনি। দখল হওয়া শত শত মানুষের জমি, খাস জমি ও জলাশয় উদ্ধারের অঙ্গীকার করে তিনি বলেন, “ভূমিদস্যুদের সিন্ডিকেট ঢাকা-১১ থেকে চিরতরে নির্মূল করা হবে।”

প্রতিপক্ষ দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, “একটি দল বাংলাদেশকে বিপদগ্রস্ত করার পরিকল্পনা করছে। তাদের পরাজিত করে দেশ থেকে আধিপত্যবাদ ও সন্ত্রাস নির্মূল করতে হবে।”

ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ন্যায্য মূল্য পাইয়ে দেওয়া এবং এলাকার অর্থনৈতিক বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দেন এই তরুণ নেতা।

জনসভায় নাহিদ ইসলাম তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং জোটের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ করেন। এর আগে একই সভায় জামায়াত আমির তাকে হবু ‘মন্ত্রী’ হিসেবে ঘোষণা দেওয়ায় নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যায়।