ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছেন কিশোরগঞ্জ সদর থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার রাজৈ ইউনিয়নের মধ্য রাজৈ এলাকায় এই লঙ্কাকাণ্ড ঘটে। উত্তেজিত গ্রামবাসীর হাত থেকে অভিযুক্তকে উদ্ধারে শেষ পর্যন্ত সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয়েছে।
আটককৃত পুলিশ সদস্যের নাম আজহার উদ্দীন রাকিব (৩২)। তিনি ওই এলাকার আবুল কাসেমের ছেলে এবং বর্তমানে কিশোরগঞ্জ সদর থানায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্বরত।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার চাচাতো ভাই এএসআই রাকিবের দীর্ঘদিনের অনৈতিক সম্পর্ক ছিল। শনিবার রাতে রাকিব গোপনে ওই প্রবাসীর ঘরে প্রবেশ করলে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। পরে গ্রামবাসী একজোট হয়ে ঘর ঘেরাও করে এবং দুজনকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় ভালুকা থানা পুলিশ বিষয়টি স্থানীয় আর্মি ক্যাম্পকে অবহিত করে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত পুলিশ সদস্যকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেয়। পরে তাকে ভালুকা মডেল থানার এসআই রফিকুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: “অভিযুক্ত পুলিশ সদস্যের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে। তাকে প্রসিকিউশন দিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে।”
এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের এমন নৈতিক স্খলনে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল।

