মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা: ঘুমন্ত সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ

0
মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ বাবা: ঘুমন্ত সন্তানকে কুপিয়ে হত্যার অভিযোগ

কাঠালিয়া প্রতিনিধিঃ ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারই জন্মদাতা পিতার বিরুদ্ধে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ছোনাউটা এলাকা থেকে অভিযুক্ত বাবা আব্দুল বারেক খানকে আটক করেছে পুলিশ। নিহত তরুণের নাম মেহেদী হাসান শুভ খাঁন (২৫)।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শুভ দীর্ঘ দিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই বাড়িতে ভাঙচুর চালাতেন এবং মা-বাবার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন করতেন বলে অভিযোগ রয়েছে। তার এহেন আচরণে পুরো পরিবার ও স্বজনরা দিশেহারা হয়ে পড়েছিলেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শুভ তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য ৩ লাখ টাকা দাবি করেন। বারেক খান টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে বাবা-ছেলের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শুভ স্থানীয় আমুয়া বাজার থেকে একটি দা কিনে আনেন এবং বাবাকে হত্যার হুমকি দেন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, রাতভর উত্তেজনার পর ভোর রাতে শুভ যখন ঘুমিয়ে পড়েন, তখন চরম ক্ষোভ ও আতঙ্ক থেকে বাবা বারেক খান ওই দা দিয়েই ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেন।

খবর পেয়ে রোববার সকালে কাঁঠালিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুভর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠায়। একই সময় অভিযুক্ত পিতাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।

কাঁঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু নাছের রায়হান গণমাধ্যমকে বলেন: “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকাসক্ত ছেলের দীর্ঘদিনের অত্যাচার ও প্রাণনাশের হুমকিতে অতিষ্ঠ হয়েই বাবা এই চরম পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”