মধ্যপ্রাচ্যে সংঘাতের দাবানল: ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত, মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

0
মধ্যপ্রাচ্যে সংঘাতের দাবানল: ঢাকা থেকে সব ফ্লাইট স্থগিত, মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

বাংলাদেশ প্রতিবেদকঃ ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি যুদ্ধ শুরু হওয়ায় চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। এই উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ধরনের ফ্লাইট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক জরুরি বার্তায় এই সিদ্ধান্তের কথা জানায়।

বেবিচক জানিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চরম অস্থিরতা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া রুটগুলোর মধ্যে রয়েছে:

সৌদি আরব (জেদ্দা, রিয়াদ, দাম্মাম), সংযুক্ত আরব আমিরাত (দুবাই, আবুধাবি), কাতার, কুয়েত ও ওমানগামী সকল ফ্লাইট।

বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং আকাশসীমা নিরাপদ হওয়া মাত্রই পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দীর্ঘদিনের ছায়াযুদ্ধ কাটিয়ে এবার সরাসরি সংঘাতে জড়িয়েছে ইরান ও ইসরায়েল। ইরান আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন ‘ফতেহ খাইবার’ (Operation Fateh Khaibar) শুরু করার ঘোষণা দিয়েছে। এই অভিযানের আওতায় ইসরায়েলের বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানে সরকারবিরোধী আন্দোলনের মদত দিয়ে শাসনব্যবস্থা পরিবর্তনের চেষ্টা চালিয়ে আসছে বলে তেহরান অভিযোগ করে আসছিল। সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর দেশ দুটি নতুন করে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ল।

ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু বানিয়েছে ইরান। দেশটির সামরিক সূত্র নিশ্চিত করেছে যে, তারা সফলভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: বাহরাইন ও কুয়েতে অবস্থিত মার্কিন স্থাপনায় মোতায়েন করা মার্কিন সামরিক ঘাঁটিতে।

ইরানের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, তাদের সার্বভৌমত্বে আঘাত হানলে বা ইসরায়েলকে সহায়তা করলে অঞ্চলের অন্যান্য মার্কিন ঘাঁটিও রেহাই পাবে না।