আন্তর্জাতিক ডেস্কঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং তার সহযোগী আলমগীর হোসেনকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। চাঞ্চল্যকর এই দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠানো বা কনস্যুলার অ্যাকসেসের বিষয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১২ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে হাদির হত্যাকারীদের বিষয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশ এ বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করেছে। যেহেতু এটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তাধীন একটি বিষয়, তাই এই মুহূর্তে এ নিয়ে বাড়তি কোনো মন্তব্য করা সমীচীন হবে না।”
গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) এক বিবৃতিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত এলাকা থেকে এই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল (৩৭) পটুয়াখালীর বাসিন্দা এবং হাদি খুনের মূল শুটার। আলমগীর হোসেন (৩৪) ঢাকার বাসিন্দা এবং মাসুদের প্রধান সহযোগী।
এসটিএফ-এর দাবি অনুযায়ী, আসামিরা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে দেশের বিভিন্ন জায়গায় গা-ঢাকা দিয়েছিল। সম্প্রতি তারা পুনরায় বাংলাদেশে প্রবেশের উদ্দেশ্যে বনগাঁ সীমান্ত এলাকায় এলে পুলিশের জালে ধরা পড়ে।
যদিও এসটিএফ মার্চ মাসে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে, তবে পশ্চিমবঙ্গের একাধিক পুলিশ সূত্র এবং স্থানীয় সংবাদকর্মীদের দাবি— তারা গত বছরের ২৯ ডিসেম্বরই আটক হয়েছিলেন। প্রায় আড়াই মাস পর পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদের গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করলো। বাংলাদেশের তদন্তকারী সংস্থার কর্মকর্তারাও জানিয়েছেন, এই দুজন অনেক আগেই ভারতের হেফাজতে ছিল বলে তাদের কাছে তথ্য ছিল।
ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে নৃশংসভাবে খুন করার পর এই দুই আসামী দেশ ছেড়ে পালায়। বাংলাদেশে তাদের বিরুদ্ধে চাঁদাবাজি ও খুনের একাধিক মামলা রয়েছে। বর্তমানে তাদের ভারতের একটি আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বাংলাদেশ সরকার ইতোমধ্যে এই অপরাধীদের দ্রুত হস্তান্তরের জন্য কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার ইঙ্গিত দিয়েছে। তবে আইনি জটিলতা এবং দুই দেশের বন্দি বিনিময় চুক্তির শর্তানুসারে তাদের ফেরত আনার প্রক্রিয়া কত দ্রুত সম্পন্ন হয়, এখন সেটিই দেখার বিষয়।

