যশোর প্রতিনিধিঃ যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের সতীঘাটা এলাকা এখন মুখরিত দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায়। স্থানীয় ‘আশরাফুল মাদারিস’ প্রাঙ্গণে বসেছে এক অনন্য আধ্যাত্মিক আসর। পবিত্র রমজানের শেষ দশকে আল্লাহর সান্নিধ্য লাভের আশায় এখানে ইতিকাফে সমবেত হয়েছেন প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি।
এই বিশাল জমায়েতের বিশেষত্ব হলো এর আন্তর্জাতিক ব্যাপ্তি। বাংলাদেশ ছাড়াও এই ইতিকাফে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ৭৫ জন বিদেশি নাগরিক।
আশরাফুল মাদারিস কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের ইতিকাফে অংশ নিতে ভারত, পাকিস্তান, মিয়ানমার ও সিঙ্গাপুরের পাশাপাশি ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র ও পানামা থেকে মুসল্লিরা ছুটে এসেছেন। মূলত শায়খুল হাদিস মাহমুদুল হাসান গাঙ্গুহি (রহ.)-এর সিলসিলার অনুসারীরা এখানে সমবেত হয়েছেন।
এ সিলসিলার বর্তমান শীর্ষ ব্যক্তিত্ব, দক্ষিণ আফ্রিকার প্রখ্যাত আলেম শায়খ ইব্রাহিম আফ্রিকি বর্তমানে যশোরে অবস্থান করছেন। তাকে ঘিরেই দেশ-বিদেশের অগণিত আলেম ও ধর্মপ্রাণ মানুষ এই মাদরাসায় ইতিকাফে যোগ দিয়েছেন।
বিপুল সংখ্যক মানুষের আবাসন ও খাবারের জন্য মাদরাসা কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে, চারতলা বিশিষ্ট বিশাল মসজিদে এক হাজারের বেশি মুসল্লির থাকার পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। নিজস্ব ব্যবস্থাপনায় প্রতিদিন সেহরি, ইফতার ও রাতের খাবারের আয়োজন চলছে। মাদরাসার শিক্ষক ও কর্মচারীদের পাশাপাশি প্রায় ১ হাজার ৮০০ শিক্ষার্থীর একটি বড় অংশ দিনরাত মুসল্লিদের সেবা দিয়ে যাচ্ছেন।
আশরাফুল মাদারিসের মহাপরিচালক মাওলানা নাসীরুল্লাহ জানান, ২০২৩ সাল থেকে এখানে বৃহৎ পরিসরে ইতিকাফের আয়োজন শুরু হয়। প্রথম বছরের তুলনায় এ বছর মুসল্লির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে এ ধরনের বড় জমায়েত ঢাকা বা সিলেটে দেখা গেলেও, এখন যশোর ধর্মপ্রাণ মানুষের অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে।
সাধারণত ২০ রমজান থেকে সুন্নত ইতিকাফ শুরু হলেও, আধ্যাত্মিক তৃষ্ণা মেটাতে অনেকেই প্রথম রমজান থেকেই এখানে নফল ইতিকাফ পালন করছেন।

