কেশবপুর প্রতিনিধি : যশোরের কেশবপুর উপজেলায় অজ্ঞান পার্টির সদস্যরা স্প্রে করে পরিবারের সদস্যদের অচেতন করে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও মালামাল লুটের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার আলতাপোল গ্রামের বারুইপাড়া এলাকায় মৃত দিলীপ ঘোষের দুই ছেলে নারায়ণ চন্দ্র ও মিহির চন্দ্র ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১২টার পর কোনো এক সময় সংঘবদ্ধ চোরের একটি দল বাড়ির পেছনের জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে। পরে তারা ঘরের ভেতরে অজ্ঞান করার স্প্রে ব্যবহার করে পরিবারের সদস্যদের অচেতন করে ফেলে বলে ধারণা করা হচ্ছে। এতে ঘরের সবাই গভীর ঘুমে অচেতন হয়ে পড়েন।
এ সময় বাড়ির গৃহবধূ মিতা ঘোষ অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় এক চিকিৎসকের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। চোরের দল ঘরে ঢুকে চারটি সোনার আংটি, একটি সোনার চেইন, তিন জোড়া কানের দুল, এক জোড়া রুপার নূপুর, এক জোড়া শাঁখা-সোনা এবং একটি রেডমি মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি কানের দুল ছিঁড়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। সব মিলিয়ে প্রায় ১২ লাখ টাকার স্বর্ণালঙ্কার ও অন্যান্য মালামাল লুট হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগীরা।
খবর পেয়ে কেশবপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র দাস বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভুক্তভোগী পরিবার জানিয়েছে, গভীর রাতে সবাই ঘুমিয়ে থাকার সুযোগে চোরের দল পরিকল্পিতভাবে বাড়িতে প্রবেশ করে এ লুটপাটের ঘটনা ঘটায়। এলাকায় এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

