আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরায়েল চলমান সংঘাত নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস। তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইসরায়েল বর্তমানে তার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এবং বড় ধরনের হামলার মুখে দাঁড়িয়ে আছে।
সম্প্রতি এক পডকাস্টে স্যাকস বর্তমান যুদ্ধের ভয়াবহতা তুলে ধরে বলেন, চলমান পরিস্থিতিতে ইসরায়েল নজিরবিহীন চাপের মুখে রয়েছে। এই যুদ্ধে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণহানি এবং সাধারণ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা দেশটিকে এক অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে।
ডেভিড স্যাকস মনে করেন, এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তবে ইসরায়েলের গর্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (Air Defense System) ক্রমান্বয়ে কার্যকারিতা হারাতে পারে। অতিরিক্ত চাপে এই প্রতিরক্ষা বলয় দুর্বল হয়ে পড়লে দেশটির জাতীয় নিরাপত্তা বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
মার্কিন এই জ্যেষ্ঠ কর্মকর্তার মতে, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের সামরিক শক্তিতে বড় ধরনের আঘাত হানতে সক্ষম হয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আগেই যুদ্ধবিরতি বা কূটনৈতিক আলোচনার মাধ্যমে উত্তেজনা প্রশমন করা উচিত বলে তিনি মনে করেন।
অন্যদিকে, ইসরায়েলি গণমাধ্যমগুলো যুদ্ধের সময়সীমা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছে । তেলআবিব আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান গুটিয়ে নেওয়ার পরিকল্পনা করছে। ইসরায়েলি সেনাপ্রধানের ইঙ্গিত অনুযায়ী, এপ্রিলের শুরুতে উৎসবের আগেই এই সংঘাতের সমাপ্তি টানা হতে পারে। যুদ্ধের শুরুতে ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের যে লক্ষ্য বা সম্ভাবনা দেখা দিয়েছিল, এখন তা অনেকটাই ক্ষীণ বলে স্বীকার করে নিয়েছেন খোদ ইসরায়েলি কর্মকর্তারা।
সূত্র: শাফাক নিউজ।

