আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মাদক পুনর্বাসন কেন্দ্রে পাকিস্তানি বাহিনীর অতর্কিত হামলায় অন্তত ৪০০ জন নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই ভয়াবহ তথ্য নিশ্চিত করেছে। হামলায় আহত হয়েছেন আরও ২৫০ জন। তবে পাকিস্তান এই দাবিকে ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে।
আফগান তালেবান সরকারের ডেপুটি মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানান, সোমবার স্থানীয় সময় রাত ৯টার দিকে কাবুলের ‘ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হাসপাতালে’ এই বিমান হামলা চালানো হয়। দুই হাজার শয্যাবিশিষ্ট এই বিশাল চিকিৎসা কেন্দ্রটির বড় একটি অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় ফিতরাত বলেন, “দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৪০০-তে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২৫০ জন। বর্তমানে দুর্ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে মরদেহ উদ্ধারে এবং আগুন নেভাতে কাজ করছেন।”
এদিকে পাকিস্তানের পক্ষ থেকে তালেবানের এই দাবিকে ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তান স্বীকার করেছে যে তারা সোমবার রাতে কাবুল এবং নানগাহার প্রদেশে সুনির্দিষ্ট কিছু সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
পাক সামরিক সূত্রের দাবি তারা কেবল জঙ্গি আস্তানা ও গোলাবারুদের গুদাম লক্ষ্য করে ‘সতর্ক হামলা’ চালিয়েছে। নিজেদের দেশের নাগরিকদের ওপর হামলাকারী সন্ত্রাসীদের পরিকাঠামো ধ্বংস করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য। কোনো বেসামরিক স্থাপনা বা হাসপাতালে হামলার অভিযোগ তারা কঠোরভাবে অস্বীকার করেছে।
গত মাস থেকেই পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্ত বিরোধ এবং সন্ত্রাসবাদ নিয়ে উত্তেজনা চরম আকার ধারণ করেছে। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান তাদের দেশে হামলাকারী জঙ্গিদের আশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান একে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যর্থতা হিসেবে অভিহিত করে আসছে।
এর আগে চীনসহ মিত্র দেশগুলোর মধ্যস্থতায় পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সোমবারের এই প্রাণঘাতী হামলা এ অঞ্চলে নতুন করে যুদ্ধের শঙ্কা জাগিয়ে তুলেছে। কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘটনা প্রতিবেশী দুই দেশের মধ্যকার সম্পর্ককে চরম অবনতির দিকে নিয়ে যেতে পারে।

