কুয়াকাটা তরুণ ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

0
কুয়াকাটা তরুণ ক্লাবের উদ্যোগে দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কলাপাড়া প্রতিনিধি : পবিত্র ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিতে প্রতিবছরের মতো এবারও মানবিক উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন কুয়াকাটা তরুণ ক্লাব। সংগঠনটির পক্ষ থেকে কুয়াকাটা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ আশপাশের বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র ও প্রান্তিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজের নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে এ আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা।

২০১২ সালে যাত্রা শুরু করা কুয়াকাটা তরুণ ক্লাব দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. মাহফুজ আহমেদ বলেন, একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি। এবারের ঈদে আমাদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের কাছে কিছু উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। তিনি সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান, নিজেদের আশপাশের অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।

সভাপতি এইচ এম রাসেল বলেন, শুরু থেকেই আমরা নিজেদের অর্থায়নে কুয়াকাটার বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছি। প্রতি বছর ঈদ ও কোরবানির সময় আমরা অবহেলিত জনগোষ্ঠীর মাঝে সহায়তা প্রদান করি।

তিনি আরও জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে তাদের।