টেরিবাজারে বহুতল বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে দুই জনের মৃত্যু, পুড়ল ৩ দোকান

0
টেরিবাজারে বহুতল বিপণিকেন্দ্রে ভয়াবহ আগুন: দগ্ধ হয়ে দুই জনের মৃত্যু, পুড়ল ৩ দোকান

চট্টগ্রাম ব্যুরোঃ পবিত্র ঈদুল ফিতরের প্রাক্কালে চট্টগ্রামের অন্যতম প্রধান বাণিজ্যিক কেন্দ্র টেরিবাজারে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নগরের কে বি অর্কিড প্লাজা নামের একটি বহুতল ভবনে লাগা এই আগুনে দগ্ধ হয়ে দুই ব্যক্তি প্রাণ হারিয়েছেন। নিহতরা হলেন পটিয়া উপজেলার বাসিন্দা মোহাম্মদ ইউনুস (৫২) ও মো. সোলাইমান (২৮)।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কে বি অর্কিড প্লাজার চতুর্থ তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা জানান, চতুর্থ তলায় অবস্থিত ‘ওয়েস্টার্ন টেইলার্স’ থেকে প্রথম ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুন পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চন্দনপুরা ও নন্দনকানন স্টেশন থেকে চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার নিরলস চেষ্টায় বেলা পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন দমকল কর্মীরা। সেখান থেকে তিনজনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির তত্ত্বাবধায়ক নুরুল আলম আশিক গণমাধ্যমকে জানান, দুপুর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যার অবস্থা আশঙ্কাজনক।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মন্নান জানান, আগুনের তীব্রতায় ভবনের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছিল, কিন্তু দুজনকে বাঁচানো সম্ভব হয়নি।

টেরিবাজার এলাকাটি সাধারণত ঈদের কেনাকাটায় জনসমুদ্রে পরিণত হয়। তবে আজ সকালে ঈদের ছুটি শুরু হওয়ায় বিপণিকেন্দ্রে ক্রেতাদের ভিড় তুলনামূলক কম ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় থাকলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও ভয়াবহ হতে পারত। ভবনটিতে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা ও অসংখ্য পোশাকের দোকান রয়েছে।