মধ্যপ্রাচ্যে ভয়ংকর ‘জ্বালানি যুদ্ধ’: ইসরায়েলি তেল শোধনাগারে ইরানের আঘাত, জ্বলছে কুয়েত-কাতারও

0
মধ্যপ্রাচ্যে ভয়ংকর ‘জ্বালানি যুদ্ধ’: ইসরায়েলি তেল শোধনাগারে ইরানের আঘাত, জ্বলছে কুয়েত-কাতারও

আন্তর্জাতিক ডেস্কঃ মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদ আর আগুনের দখলে। ইসরায়েল, ইরান, কুয়েত ও কাতারের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোতে একের পর এক বিধ্বংসী হামলায় বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধসের শঙ্কা দেখা দিয়েছে। হাইফা থেকে রাস লাফান—সর্বত্রই এখন লেলিহান শিখার দাপট।

বৃহস্পতিবার রাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইসরায়েলের বন্দর নগরী হাইফা। উত্তর ও মধ্য ইসরায়েলসহ জেরুজালেমে সাইরেন বাজার পরপরই হাইফার একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে বিশাল অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরাসরি শোধনাগারের ওপর আছড়ে পড়লে এই আগুনের সূত্রপাত হয়। শোধনাগারটি থেকে এখনো ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা যাচ্ছে। হতাহতের সুনির্দিষ্ট তথ্য না পাওয়া গেলেও গত বছরের যুদ্ধের স্মৃতি নতুন করে ভাবিয়ে তুলছে তেল আবিবকে।

ইসরায়েলের পাশাপাশি হামলার শিকার হয়েছে কুয়েতের অর্থনীতিও। দেশটির দক্ষিণাঞ্চলে অবস্থিত মিনা আবদুল্লাহ শোধনাগারের একটি অপারেশনাল ইউনিটে ড্রোন আঘাত হেনেছে। কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন (কেপিসি) জানিয়েছে, ড্রোনটি সরাসরি গুরুত্বপূর্ণ ইউনিটে আঘাত করায় ভয়াবহ আগুনের সৃষ্টি হয়েছে। এর আগে মিনা আল-আহমাদি শোধনাগারেও একই ধরনের হামলা চালানো হয়েছিল, যা কুয়েতের জ্বালানি খাতের নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

বুধবার ভোরে ইসরায়েল বিশ্বের বৃহত্তম গ্যাসক্ষেত্র ইরানের সাউথ পার্স পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলা চালায়। এর পাল্টা জবাব হিসেবে ইরানও আক্রমণাত্মক হয়ে ওঠে।

সৌদি আরব, কাতার, কুয়েত এবং আরব আমিরাতের জ্বালানি ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু বানায় তেহরান। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারের প্রখ্যাত রাস লাফান এলএনজি কমপ্লেক্সের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রধান গ্যাস সরবরাহ কেন্দ্র হওয়ায় বৈশ্বিক এলএনজি সরবরাহে বড় সংকটের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, পক্ষগুলো এখন সরাসরি সামরিক শক্তির চেয়ে একে অপরের অর্থনৈতিক মেরুদণ্ড অর্থাৎ ‘জ্বালানি অবকাঠামো’ ধ্বংস করতে বেশি মরিয়া। “এটি এখন আর কেবল সীমান্ত সংঘাত নয়, এটি একটি পূর্ণমাত্রার বৈশ্বিক জ্বালানি যুদ্ধ। এর প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।”