কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার পদুয়ায় বাজার রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য আর্থিক সহায়তা ও রেলওয়ের আধুনিকায়নের ঘোষণা দিয়েছেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। আজ রবিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো জানান।
রেল প্রতিমন্ত্রী জানান, ভয়াবহ এই দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে রেলওয়ের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তা প্রদান করা হবে ।নিহতদের পরিবার জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা। আহতদের জন্য ১৫ হাজার টাকা এবং তাদের সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে সরকার।
দুর্ঘটনায় দায়িত্বরতদের অবহেলার বিষয়টি প্রাথমিক তদন্তে উঠে এসেছে। প্রতিমন্ত্রী স্পষ্ট করে বলেন, “রেলওয়ের কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলা সহ্য করা হবে না।” ইতোমধ্যেই গাফিলতির অভিযোগে দুইজন রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনার নেপথ্যে প্রকৃত কারণ উদ্ঘাটনে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে।
রেলপথের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ নির্দেশনা দিয়েছেন বলে জানান হাবিবুর রশিদ। তিনি বলেন, খুব শীঘ্রই সারা দেশে ‘অটোমেটিক রেলগেট’ সিস্টেম চালু করা হবে। ট্রেন কাছাকাছি আসার সাথে সাথেই গেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। যেখানে রেলগেট আছে, সেখানে পর্যায়ক্রমে আন্ডারপাস অথবা ফ্লাইওভার নির্মাণ করা হবে যাতে যানজট ও দুর্ঘটনা শূন্যে নামিয়ে আনা যায়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক (ডিজি) মো. আফজাল হোসেন, কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসান এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপুসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা।

