সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

0
সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকত পর্যটকে মুখরিত

এ এম মিজানুর রহমান বুলেট : ঈদুল ফিতরের দিন সকাল থেকেই পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটায় পর্যটকদের আগমন শুরু হয়ে দ্বিতীয় দিনে পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত।থেমে থেমে বৃষ্টির পর আজ রবিবার নাতিশীতোষ্ণ আবহাওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের পদচারণায় ঢল নেমেছে ২২ কিলোমিটার দীর্ঘ সমুদ্রসৈকত।

প্রতিবছরের মতো এবারও ঈদের দিন সকালে পর্যটকদের আগমন শুরু হলেও দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টির কারণে উপস্থিতি কিছুটা কম ছিল। তবে সন্ধ্যার পর থেকে বাড়তে থাকে দর্শনার্থীর সংখ্যা, যা আজ রবিবারে দুপুর নাগাদ ঢলে রূপ নেয়। সৈকতের বিভিন্ন পয়েন্টে দেখা যায়, কেউ বন্ধুদের সঙ্গে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছেন, কেউবা সমুদ্রের নোনা জলে নেমে ছোট ঢেউয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন। অনেকে বেঞ্চে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, আবার শিশু থেকে বয়স্করা বালুচরে খেলায় মেতে উঠেছেন।আবার কেহ মোবাইলের সেলফিতে ব্যস্ত রয়েছে।

দীর্ঘ একমাস পর্যটক কম থাকায় সৈকতে বেড়েছে লাল কাঁকড়া ও অতিথি পাখির বিচরণ। ফলে সমুদ্রের পাশাপাশি এসব প্রাকৃতিক সৌন্দর্যও উপভোগ করছেন আগত দর্শনার্থীরা।

বেঞ্চি ব্যবসায়ী মো,আমিনুল বলেন,দীর্ঘ একমাস রমজানের কারনে সৈকত ছিল পর্যটক শুন্য।আজকে পর্যটকের আগমনে এখানকার সকল ব্যসায়ীর মুখে হাসি ফুটেছে।

ঢাকা থেকে আসা পর্যটক রাশেদ শামিমুজ্জামান বলেন, ঈদের ছুটি কাটাতে পরিবার নিয়ে কুয়াকাটায় এসেছি। আবহাওয়া অনুকূলে থাকায় ঘোরাঘুরিতে বেশ স্বস্তি লাগছে।

সিলেট থেকে আসা পর্যটক মৌসুমি আক্তার বলেন, সমুদ্রের ঢেউ আর খোলা পরিবেশ- সব মিলিয়ে সময়টা উপভোগ করছি।এখানকার মানুষগুলো অতিথি পড়ায়ন।

কুয়াকাটার আবাসিক হোটেল কানসাই ইন-এর এমডি ইঞ্জিনিয়ার নুরুল আমীন বলেন, ঈদের ছুটিতে পর্যটক আসায় ব্যবসায় গতি ফিরেছে। পর্যটকের ভিড়ে হাসি ফুটেছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মুখেও। রমজানজুড়ে পর্যটকশূন্য থাকার পর এখন অধিকাংশ হোটেল-মোটেলে বুকিং প্রায় পূর্ণ।

হোটেল মোটেল অউনার এসোসিয়েশন সভাপতি মোঃ মোতালেব শরীফ জানান, ঈদের ছুটিকে পর্যটকে মুখরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। আরো আগমন ঘটবে বলে আসা করছি।প্রায় হোটেলের ষাট ভাগ রুম বুকিং রয়েছে। সামনের দিনগুলোতে আরো বুকিং হবে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ পরিদর্শক জয়ন্ত মন্ডল বলেন, আগত পর্যটকদের নিরাপত্তায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, কুয়াকাটায় আজ প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকের নিরাপত্তায় উপজেলা প্রশাসন, মহিপুর থানা পুলিশ,কুয়াকাটা টুরিস্ট পুলিশ ও পৌর প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।