বাংলাদেশ প্রতিবেদকঃ এক-এগারোর পট পরিবর্তনের অন্যতম কারিগর এবং ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় এক ঝটিকা অভিযানে তাকে আটক করা হয়।
ডিবি প্রধান শফিকুল ইসলামের সরাসরি নেতৃত্বে ডিবির একটি বিশেষ দল বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান পরিচালনা করে। ডিবি সূত্রে জানা গেছে, ওই এলাকার ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অবস্থান করছিলেন সাবেক এই জেনারেল। গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে ফেলে ডিবি সদস্যরা এবং সেখান থেকেই তাকে হেফাজতে নেওয়া হয়।
মাসুদ উদ্দিন চৌধুরী বাংলাদেশের রাজনৈতিক ও সামরিক ইতিহাসে একজন আলোচিত ও প্রভাবশালী ব্যক্তিত্ব। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক হলো ২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি থাকাকালীন ওয়ান-ইলেভেনের পট পরিবর্তনে তিনি অত্যন্ত প্রভাবশালী ভূমিকা পালন করেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে তিনি লেফটেন্যান্ট জেনারেল হন।
তৎকালীন গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ওই সময়েই দেশের রাঘববোয়াল রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান পরিচালিত হয়েছিল।
২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরও তিন দফায় তার চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল।
২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের আগে তিনি প্রথমে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে নাটকীয়ভাবে মাত্র পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টিতে (জাপা) যোগ দেন এবং দলটির প্রেসিডিয়াম সদস্য হন। পরবর্তীতে মহাজোটের প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সেনাবাহিনী থেকে অবসরের পর মাসুদ উদ্দিন চৌধুরী ঢাকায় রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমে নিজেকে নিয়োজিত করেছিলেন। তবে ছাত্র-জনতার অভ্যুত্থান ও সরকার পরিবর্তনের পর থেকে তিনি জনসম্মুখের আড়ালে ছিলেন। শেষ পর্যন্ত ডিবির জালে ধরা পড়লেন সাবেক এই দাপুটে সামরিক কর্মকর্তা।
তাকে কোন নির্দিষ্ট মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানায়নি ডিবি। ধারণা করা হচ্ছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হবে।

