‘অপারেশন এপিক ফিউরি’: ট্রাম্প-নেতানিয়াহুর গোপন ফোনালাপে যেভাবে রচিত হলো খামেনি হত্যার নীল নকশা

0
‘অপারেশন এপিক ফিউরি’: ট্রাম্প-নেতানিয়াহুর গোপন ফোনালাপে যেভাবে রচিত হলো খামেনি হত্যার নীল নকশা

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে হত্যার নেপথ্যে ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক সুপরিকল্পিত ও বিধ্বংসী ছক। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে এক ফোনালাপের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ইতিহাসের গতিপথ বদলে দেওয়া এই ‘ডিক্যাপিশন স্ট্রাইক’-এর চূড়ান্ত রূপরেখা তৈরি করা হয়েছিল।

ফোনালাপ ও ‘অপারেশন এপিক ফিউরি’ গোয়েন্দা তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি সকালে তেহরানে খামেনি ও তার শীর্ষ সহযোগীদের একটি হাই-প্রোফাইল বৈঠকের খবর পান ট্রাম্প ও নেতানিয়াহু। সময় ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। রয়টার্স জানায়, নেতানিয়াহু টেলিফোনে ট্রাম্পকে প্ররোচিত করেন যে, খামেনিকে সরানোর এর চেয়ে বড় সুযোগ আর আসবে না। ২০২৪ সালে ট্রাম্পকে হত্যাচেষ্টার ইরানি ষড়যন্ত্রের ‘মোক্ষম প্রতিশোধ’ হিসেবে এই অভিযানকে উপস্থাপন করেন তিনি। এর পরপরই গত ২৭ ফেব্রুয়ারি ‘অপারেশন এপিক ফিউরি’ নামক সামরিক অভিযানের চূড়ান্ত নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট।

নিছক সামরিক পরিকল্পনা নয়, বরং বেশ কিছু ভূ-রাজনৈতিক সমীকরণ এই হামলাকে অনিবার্য করে তুলেছিল: জানুয়ারিতে বিনা রক্তপাতে নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা মার্কিন প্রশাসনের আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দেয়। গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যৌথ হামলার ফলাফলে সন্তুষ্ট ছিলেন না নেতানিয়াহু। ডিসেম্বরে ফ্লোরিডায় ট্রাম্পের সাথে বৈঠকে তিনি আরও বড় কোনো আঘাতের জন্য চাপ দেন। ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভকে কাজে লাগিয়ে ১৯৭৯ সালের শাসনব্যবস্থা পতনের স্বপ্ন দেখিয়েছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং গোয়েন্দা সংস্থাগুলো পাল্টা হামলার বিষয়ে সতর্ক করলেও ট্রাম্প ও নেতানিয়াহু তাতে কর্ণপাত করেননি। ফলাফল হয়েছে ভয়াবহ: মার্কিন-ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন ২,৩০০-এর বেশি ইরানি বেসামরিক নাগরিক। ইরানের পাল্টা জবাবে অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শিপিং রুট বন্ধ হওয়ায় বিশ্বজুড়ে তেলের দাম আকাশচুম্বী হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে বৈশ্বিক অর্থনীতিতে।

ট্রাম্প ইরানে যে গণ-অভ্যুত্থানের আশা করেছিলেন, তার বদলে দেশটিতে তৈরি হয়েছে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। সিআইএ-র পূর্বাভাস অনুযায়ী, খামেনির মৃত্যুর পর তার চেয়েও কট্টর আমেরিকা-বিরোধী হিসেবে পরিচিত তার ছেলে মোজতাবা খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। রেভল্যুশনারি গার্ডের কড়া পাহারায় বর্তমানে লাখ লাখ ইরানি গৃহবন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন।