কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৬৬ , আমাজনে শোকের ছায়া

0
কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৩৪, আমাজনে শোকের ছায়া

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার আমাজন বনাঞ্চল সংলগ্ন এলাকায় একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছেন। এই ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বহু আরোহী। দেশটির সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এই তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি দেশটির দক্ষিণাঞ্চলীয় আমাজন এলাকার পুয়ের্তো লেগুইজামো থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি যান্ত্রিক গোলযোগ বা অন্য কোনো কারণে দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানটিতে মোট ১২৫ জন আরোহী ছিলেন। আরোহীদের মধ্যে ১১৪ জন সেনাসদস্য এবং ১১ জন বিমানবাহিনীর সদস্য ছিলেন।

প্রাথমিকভাবে জানা গেছে, বিমানে আগুন লাগার পর বহন করা গোলাবারুদ বিস্ফোরিত হয়, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়। সামরিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, নিহতদের মধ্যে ৫৮ জন সেনা, ছয়জন বিমানবাহিনীর সদস্য এবং দুজন পুলিশ কর্মকর্তা রয়েছেন।

কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ জানিয়েছেন, দুর্ঘটনার পরপরই বিশাল পরিসরে উদ্ধারকাজ শুরু হয়েছে। তিনি বলেন, “আমরা এখন পর্যন্ত বহু আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছি। উদ্ধারকাজ এখনো চলমান রয়েছে।”

প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো এই ঘটনাকে একটি ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করে জানিয়েছেন যে, আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে নিখোঁজ বা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা কয়েকজনের অবস্থা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বিপুল সংখ্যক আহত মানুষের কারণে ওই অঞ্চলের চিকিৎসা ব্যবস্থার ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত জাতীয় সহায়তা চাওয়া হয়েছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সামরিক বাহিনীর বিশেষ বিমানে করে অন্য শহরে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে এটি কোনো হামলা বা নাশকতার ফল নয় বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।