নাড়ির টান শেষে জীবিকার তাগিদে ফিরছে মানুষ: সদরঘাট ও বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

0
নাড়ির টান শেষে জীবিকার তাগিদে ফিরছে মানুষ: সদরঘাট ও বাস টার্মিনালে উপচে পড়া ভিড়

বাংলাদেশ প্রতিবেদকঃ ঈদ উৎসবের আনন্দ ও স্বজনদের সঙ্গে কাটানো মধুর স্মৃতি বুকে নিয়ে আবারও কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন সাধারণ মানুষ। ঈদের তৃতীয় দিন, সোমবার ভোর থেকেই সদরঘাট লঞ্চ টার্মিনাল, কমলাপুর রেল স্টেশন এবং ঢাকার প্রধান বাস টার্মিনালগুলোতে কর্মমুখী মানুষের চিরচেনা ব্যস্ততা লক্ষ্য করা গেছে।

ভোর হওয়ার আগেই দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা ডজনখানেক লঞ্চ সদরঘাট টার্মিনালে ভিড়তে শুরু করে। পটুয়াখালী, বরিশাল ও ভোলাসহ বিভিন্ন রুট থেকে আসা যাত্রীদের ভিড়ে মুখরিত হয়ে ওঠে ঘাট এলাকা। অনেক যাত্রী জানান, শেষ মুহূর্তের হুড়োহুড়ি এবং ফিরতি পথের ভোগান্তি এড়াতেই তারা একদিন আগেভাগে ঢাকা ফেরার সিদ্ধান্ত নিয়েছেন। এবারের নৌ-যাত্রা বেশ স্বস্তিদায়ক ছিল বলেও সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

গাবতলী, সায়েদাবাদ ও মহাখালী বাস টার্মিনালে দেশের উত্তর ও দক্ষিণবঙ্গ থেকে আসা দূরপাল্লার বাসগুলোর জটলা দেখা গেছে। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় যাত্রীরা অনেকটা নির্বিঘ্নেই পৌঁছাতে পেরেছেন। গাবতলী টার্মিনালে নামা এক যাত্রী বলেন, “পরিবার ছেড়ে আসতে খারাপ লাগছে, কিন্তু পেটের দায়ে ফিরতেই হয়। তবে এবারের রাস্তাঘাট আগের চেয়ে অনেক ভালো ছিল।”

অন্যদিকে, কমলাপুর রেল স্টেশনেও প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে প্ল্যাটফর্মে ভিড়ছে। ট্রেনের ছাদে বা দরজায় ঝুলে আসার মতো বিপজ্জনক দৃশ্য এবার তুলনামূলক কম দেখা গেছে।

পরিবহন সংশ্লিষ্ট ও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার থেকে মানুষের ফেরা শুরু হলেও আগামী কয়েকদিন এই চাপ অব্যাহত থাকবে। বিশেষ করে বেসরকারি অফিস ও কলকারখানা পুরোদমে খুলে গেলে ভিড় আরও বাড়বে।

যাত্রীদের নিরাপত্তা ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও টার্মিনাল কর্তৃপক্ষ সজাগ অবস্থানে রয়েছে। যেকোনো ধরণের অতিরিক্ত ভাড়া আদায় বা হয়রানি রোধে মনিটরিং জোরদার করা হয়েছে।