লালমনিরহাট প্রতিনিধিঃ মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অজুহাতে লালমনিরহাটে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র কৃত্রিম সংকট। জেলাজুড়ে পেট্রোল পাম্পগুলো অঘোষিতভাবে বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন হাজারো যানবাহন চালক। মঙ্গলবার (২৪ মার্চ) সকালে তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে পাটগ্রাম উপজেলায় দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল থেকেই জেলার অধিকাংশ পাম্পে সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার সকালে পাটগ্রাম উপজেলার একটি পাম্পে তেল পাওয়ার আশায় দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন মোটরসাইকেল ও ট্রাকচালকরা। দীর্ঘ সময় অপেক্ষার পর লাইনে দাঁড়ানো নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, লালমনিরহাট জেলা শহরের হাঁড়িভাঙ্গা, পুলিশ লাইন, কুলাঘাটসহ আদিতমারী, কালীগঞ্জ ও হাতীবান্ধার অধিকাংশ পাম্প দড়ি, ড্রাম ও কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কোনো আগাম ঘোষণা ছাড়াই তেল বিক্রি বন্ধ করে দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সরকারি-বেসরকারি দপ্তরের জরুরি যানবাহন চালকরা। এমনকি জেলা শহরের একটি পাম্পে পুলিশের একটি গাড়িও তেল না পেয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
ভুক্তভোগী চালকদের দাবি, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত থাকলেও পাম্প মালিকরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করছেন। মোটরসাইকেল চালক মাহাফুজার রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঈদের পর থেকেই পাম্পগুলো খেয়ালখুশিমতো বন্ধ রাখা হচ্ছে। এখন তেলের অভাবে আমাদের গাড়ি চালানো অসম্ভব হয়ে পড়েছে।”
আরেক চালক আসাদ বলেন, পাম্প মালিকরা আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে মজুতদারি করছেন, যা সাধারণ মানুষের কর্মসংস্থান ও যাতায়াত ব্যবস্থাকে পঙ্গু করে দিচ্ছে।
সিন্ডিকেটের অভিযোগ অস্বীকার করে পাম্প মালিক শফিকুল ইসলাম জানান, চাহিদার তুলনায় সরবরাহ অত্যন্ত নগণ্য। তিনি বলেন, “আমার যেখানে ৯ হাজার লিটার তেলের চাহিদা, সেখানে রেশনিং সিস্টেমে দেওয়া হচ্ছে মাত্র ২ হাজার লিটার। সরবরাহ না থাকায় আমরা নিরুপায় হয়ে পাম্প বন্ধ রেখেছি।”
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এ প্রসঙ্গে বলেন, “উপজেলা নির্বাহী অফিসাররা (ইউএনও) মাঠ পর্যায়ে তদারকি করছেন। পাম্পগুলোর হাউজে সত্যিই তেলের মজুদ কম পাওয়া গেছে। তবে আশা করছি, আগামী দু-একদিনের মধ্যেই সরবরাহ স্বাভাবিক হবে এবং সংকটের সমাধান হবে।”
বর্তমানে জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে যাতে তেলের লাইনে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

