আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের পলে পলে ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রের বৃষ্টিতে কোণঠাসা হয়ে পড়েছে ইসরায়েলের বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সংঘাত পঞ্চম সপ্তাহে গড়াতেই অত্যাধুনিক ইন্টারসেপ্টর বা ক্ষেপণাস্ত্র নিরোধক অস্ত্রের তীব্র সংকটে পড়েছে তেল আবিব। এই সংকট মোকাবিলায় এখন ‘বাছাইকৃত প্রতিরোধ’ বা সিলেক্টিভ ইন্টারসেপশন কৌশল গ্রহণ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বিগত বছরগুলোতে জমানো কয়েক বছরের সমরাস্ত্রের মজুদ মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধে শেষ হওয়ার পথে। বিশেষ করে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী ‘অ্যারো ২’ এবং ‘অ্যারো ৩’ সিস্টেমের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক টম কারাকো বিষয়টিকে সতর্কবার্তা হিসেবে দেখে বলেছেন, “বহু বছরের উৎপাদন আমরা মাত্র কয়েক সপ্তাহে বাতাসে উড়িয়ে দিচ্ছি। এই গতিতে টিকে থাকা অসম্ভব।”
মজুদ টিকিয়ে রাখতে ইসরায়েল এখন প্রতিটি ইনকামিং মিসাইল ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের নতুন কৌশল হলো যেসব ক্ষেপণাস্ত্র ফাঁকা জায়গায় পড়ার সম্ভাবনা রয়েছে, সেগুলোকে লক্ষ্যবস্তু না করে পড়তে দেওয়া হচ্ছে। উচ্চক্ষমতাসম্পন্ন দামি সিস্টেমের বদলে তুলনামূলক সস্তা ও পুরনো সিস্টেমের আধুনিক সংস্করণ ব্যবহার করা হচ্ছে। কেবল জনবসতিপূর্ণ এলাকা বা সামরিক স্থাপনায় আঘাত হানতে পারে—এমন ক্ষেপণাস্ত্রগুলোকেই ইন্টারসেপ্ট করা হচ্ছে।
এই নতুন কৌশলের ফাঁক গলে সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের আরদ ও ডিমোনাশহরে দুটি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে। আরদ শহরে ১৮ শিশুসহ ৩১ জন এবং ডিমোনায় ৫ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে হতাহতের চেয়েও বড় উদ্বেগের কারণ হলো ডিমোনার পরমাণু চুল্লি এবং নেভাতিম বিমান ঘাঁটির মতো স্পর্শকাতর এলাকার নিরাপত্তা এখন হুমকির মুখে।
সামরিক বিশ্লেষক তাল ইনবার বর্তমান পরিস্থিতিকে একটি ‘ক্ষয়িষ্ণু যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছেন। এর কারণগুলো হলো, ইসরায়েলের প্রতিটি ইন্টারসেপ্টর তৈরি করতে মিলিয়ন ডলার খরচ হয় এবং সময় লাগে দীর্ঘ। বিপরীতে ইরান অত্যন্ত কম খরচে এবং দ্রুত গতিতে বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারে। ইরান এ পর্যন্ত ৪০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন নিক্ষেপ করেছে। সাথে যোগ হয়েছে হিজবুল্লাহর রকেট হামলা।
আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার এই সীমাবদ্ধতা ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্বকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানি উৎপাদন কেন্দ্রগুলোতে হামলার চেষ্টা করলেও তেহরানের ক্ষেপণাস্ত্রের সরবরাহ থামানো সম্ভব হচ্ছে না।

