দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

0
দেলোয়ার হত্যা মামলা: সাবেক ডিজিএফআই পরিচালক আফজাল নাছের ৬ দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদকঃ রাজধানীর মিরপুরে ছাত্র-জনতার আন্দোলনে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক, সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ সোমবার (৩০ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস শুনানি শেষে এই আদেশ প্রদান করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কফিল উদ্দিন আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল রবিবার রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাই বিপ্লব চলাকালে ১৯ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর ১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতা শান্তিপূর্ণ আন্দোলন করছিল। অভিযোগ রয়েছে আওয়ামী লীগের ৫০০-৭০০ নেতাকর্মী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালায়। মিছিলে নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালানো হয়। সেই হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

এই হত্যাকাণ্ডে সরাসরি উস্কানি ও সম্পৃক্ততার অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।