রাজশাহীতে ডিজিএফআই কর্মকর্তা সেজে একাধিক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও: ভুয়া ‘এডি’ গ্রেফতার

0
রাজশাহীতে ডিজিএফআই কর্মকর্তা সেজে একাধিক নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও: ভুয়া ‘এডি’ গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে ডিজিএফআই-এর ‘অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর’ (এডি) পরিচয়ে প্রতারণা ও নারীদের ফাঁদে ফেলার অভিযোগে মো. শাহিনুর ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে নগরীর লক্ষ্মীপুর এলাকা থেকে ডিবি ও কাউন্টার টেররিজম ইউনিট তাকে গ্রেফতার করে। গ্রেফতার শাহিনুর নওগাঁ জেলার মান্দা উপজেলার ভরট্ট শিবনগর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার লক্ষীপুর এলাকায় বক্ষব্যাধি (আইডি) হাসপাতালের সামনে পুকুরপাড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। গ্রেফতার শাহিনুর নিজেকে ডিজিএফআইয়ের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (এডি) পরিচয় দিয়ে স্থানীয়দের সঙ্গে অসদাচরণ ও প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, দীর্ঘদিন ধরে শাহিনুর সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তুলে প্রতারণা করে আসছিলেন। বিয়ের প্রলোভন দেখিয়ে তাদের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা নিজের মোবাইলে সংরক্ষণ করতেন। জব্দকৃত মোবাইল ফোনে একাধিক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও পাওয়া গেছে।

জিজ্ঞাসাবাদে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন। তার কাছ থেকে দুটি ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এর একটিতে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডিজিএফআই, এবং অন্যটিতে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, ডিজিএফআই উল্লেখ ছিল। এছাড়া দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রাজপাড়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দ-বিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।