কূটনৈতিক প্রতিবেদকঃ নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে গতকাল বুধবার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম ভারত সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। বৈঠকে ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক বজায় রাখা, শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণের মতো বিষয়গুলো প্রাধান্য পেয়েছে।
বৈঠকে ড. খলিলুর রহমান স্পষ্ট করেছেন যে, নবনির্বাচিত সরকারের পররাষ্ট্রনীতি পরিচালিত হবে ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আলোকে। যার মূল ভিত্তি হবে পারস্পরিক আস্থা, সম্মান ও একে অপরের মঙ্গল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জানান, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ভারত গঠনমূলকভাবে কাজ করতে আগ্রহী এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে উভয় দেশ প্রতিশ্রুতিবদ্ধ।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফেরত পাঠানোর আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করা হয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় এই দাবি জানানো হয়। তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তিতে এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করা হয়নি।
ইনকিলাব মঞ্চের প্রধান শরীফ ওসমান হাদি হত্যা মামলার পলাতক আসামিদের ভারতে গ্রেপ্তারের ঘটনায় ড. খলিল ভারত সরকারকে ধন্যবাদ জানান। গ্রেপ্তারকৃত আসামিদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে উভয় দেশ একমত হয়েছে।
সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হলো, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া বিশেষ করে মেডিকেল ও বিজনেস ভিসা সহজ করার ইঙ্গিত দিয়েছেন এস জয়শঙ্কর। দীর্ঘদিনের ভিসা জটিলতা নিরসনে এটি একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম মন্ত্রী হারদীপ সিং পুরীর সঙ্গেও আলাদা বৈঠক করেছেন। বাংলাদেশ ভারত থেকে ডিজেল ও সারের সরবরাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছে। ভারতীয় পক্ষ থেকে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান ট্যারিফ ও নন-ট্যারিফ বাধাগুলো অপসারণের বিষয়ে আলোচনা হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। এছাড়াও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও ড. খলিলের কৌশলগত বিষয়ে আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ড. খলিলুর রহমান মরিশাসের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করবেন। সেখানে তিনি ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দেবেন।

