বাঘাইছড়িতে বিজিবির মধ্যরাত অভিযান: পিস্তল-গুলিসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, ‘গডফাদারদের’ খুঁজছে বিজিবি

0
বাঘাইছড়িতে বিজিবির মধ্যরাত অভিযান: পিস্তল-গুলিসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার, ‘গডফাদারদের’ খুঁজছে বিজিবি

রাঙামাটি প্রতিনিধিঃ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় বিজিবির এক বিশেষ অভিযানে একটি বিদেশি চাইনিজ পিস্তল, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে উপজেলার জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র জব্দ করে মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন।

বিজিবি জানায়, গোপন গোয়েন্দা তথ্য ছিল যে মধ্যরাতে সীমান্ত পেরিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাঘাইছড়িতে প্রবেশ করবে। এই তথ্যের ভিত্তিতে মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি চৌকস দল জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় ওত পেতে থাকে।

রাত আনুমানিক ১২টার পর ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে ওই এলাকা দিয়ে আসতে দেখে বিজিবি টহল দল তাদের চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পার্শ্ববর্তী গহীন পাহাড়ি জঙ্গলের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

অভিযান শেষে বিজিবি তল্লাশি চালিয়ে যেসব সরঞ্জামগুলো জব্দ করে: ১টি অত্যাধুনিক চাইনিজ পিস্তল। ৯ পিস ৭.৬২ তাজা গুলি ও খোসা। ১টি একনলা বন্দুক ও ৭টি খালি খোসা। ৫টি চাইনিজ চাপাতি (২টি বড়, ৩টি ছোট) ও ২টি হাসুয়া। ১টি হাতুড়ি, ১টি গুলতি এবং ১৩টি মার্বেল।

অভিযান প্রসঙ্গে মারিশ্যা জোন (২৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান “সীমান্তে অপরাধ দমনে বিজিবি সর্বদা আপসহীন। দুষ্কৃতিকারীরা ইদানীং চোরাচালানের জন্য অভিনব কৌশল অবলম্বন করছে, যার প্রেক্ষিতে আমরা গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করেছি। এই চক্রের পেছনে থাকা গডফাদারদের চিহ্নিত করার কাজ চলছে।”

তিনি আরও স্পষ্ট করেন যে, পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এই ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তথ্যসূত্র: মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তি।