নেশার টাকার জন্য ‘দানব’ ছেলে: খুলনায় মায়ের মাথায় আঘাত করে নৃশংস হত্যা, উত্তাল এলাকা

0
নেশার টাকার জন্য ‘দানব’ ছেলে: খুলনায় মায়ের মাথায় আঘাত করে নৃশংস হত্যা, উত্তাল এলাকা

খুলনা প্রতিনিধিঃ খুলনার রূপসা উপজেলায় মাদক কেনার টাকা না পেয়ে জন্মদাত্রী মাকে পিটিয়ে হত্যার এক হাড়হিম করা অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের খান মোহাম্মদপুর গ্রামে এই পৈশাচিক ঘটনা ঘটে। নিহত মিম্মি বেগম (৫০) ওই এলাকার হামিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত নাদিম ইসলাম (৩০) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকার জন্য তিনি প্রায়ই বাড়িতে অশান্তি ও বাবা-মায়ের ওপর চড়াও হতেন। শুক্রবার সকালে নাদিম তার মা মিম্মি বেগমের কাছে নেশার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্রোধে অন্ধ হয়ে নাদিম পাশেই পড়ে থাকা একটি গাছের মোটা ডাল দিয়ে মায়ের মাথায় সজোরে আঘাত করেন। মিম্মি বেগম রক্তাত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় বাড়িতে অন্য কেউ না থাকায় মিম্মি বেগম কোনো সহায়তা পাননি। নিহতের মেয়ে শিলা বুকফাটা আর্তনাদ করে বলেন, “আমার মা বাঁচার জন্য অনেক আকুতি করেছিলেন। ‘বাঁচাও বাঁচাও’ বলে চিৎকার করেছিলেন, কিন্তু কেউ সময়মতো এগিয়ে আসেনি। যে ছেলে মাকে মারতে পারে, তার আমি ফাঁসি চাই।”

খবর পেয়ে আইচগাতি পুলিশ ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক নাদিমকে আটক করেন। তবে মরণনেশায় আসক্ত ছেলের এমন পাশবিকতা দেখে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন। উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে নাদিমকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, জনরোষ থেকে বাঁচতে পুলিশ নাদিমকে নিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে দীর্ঘ চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান “প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, নেশার টাকার দাবিতেই এই হত্যাকাণ্ড ঘটেছে। আমরা অভিযুক্ত নাদিমকে গ্রেপ্তার করেছি এবং তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই ঘটনায় পুরো খান মোহাম্মদপুর গ্রামে গভীর শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে। মাদকাসক্তির সামাজিক অভিশাপ কীভাবে একটি সাজানো পরিবারকে ধ্বংস করে দিতে পারে, এই ঘটনা তারই এক নিষ্ঠুর দৃষ্টান্ত।