তেঁতুলিয়ায় গরু চুরির আসামি ধরতে গিয়ে রডের আঘাতে পুলিশ রক্তাক্ত

0
তেঁতুলিয়ায় গরু চুরির আসামি ধরতে গিয়ে রডের আঘাতে পুলিশ রক্তাক্ত

পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দুর্ধর্ষ এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ভয়াবহ হামলার শিকার হয়েছে পুলিশ। চোর চক্রের মূলহোতার অতর্কিত রডের আঘাতে বনমালী রায় নামে এক কনস্টেবল গুরুতর জখম হয়েছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের হাগুড়াগছ এলাকায় এ দুর্ধর্ষ হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার লোহাকাচি গ্রামের শরিফ উদ্দিনের গোয়ালঘর থেকে দুটি গরু চুরি হয়। ভুক্তভোগী মালিক এই ঘটনায় হাগুড়াগছ এলাকার রাসেল ইসলামকে (৩৩) প্রধান অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। এই অভিযোগের সূত্র ধরে তেঁতুলিয়া মডেল থানার এসআই বদিউজ্জামানের নেতৃত্বে একটি চৌকস দল বৃহস্পতিবার বিকেলে অভিযানে নামে।

গোপন সংবাদে পুলিশ জানতে পারে, রাসেল তার নিজ বাড়িতেই আত্মগোপন করে আছে। মুহূর্তের মধ্যে পুলিশ বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। কনস্টেবল বনমালী রায় যখন ঘরের দরজার সামনে গিয়ে আসামিকে শনাক্ত করার চেষ্টা করছিলেন, ঠিক তখনই রাসেল অতর্কিত দরজা খুলে হাতে থাকা লোহার রড দিয়ে বনমালীর মাথায় সজোরে আঘাত করে। আচমকা এই হামলায় বনমালী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সেই সুযোগে আসামি রাসেল কৌশলে পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যকে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহফুজা মুনির পূর্বা জানান “আহত পুলিশ সদস্যের মাথায় গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। সেখানে চারটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

আসামি রাসেল একজন পেশাদার অপরাধী বলে নিশ্চিত করেছে পুলিশ। তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, রাসেলের বিরুদ্ধে এর আগেও ভ্যান ও গরু চুরির একাধিক মামলা রয়েছে। তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে পার পাওয়ার কোনো সুযোগ নেই। অপরাধীকে গ্রেপ্তারে আমাদের একাধিক টিম মাঠে কাজ করছে। খুব শীঘ্রই তাকে আইনের আওতায় আনা হবে।”

এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পলাতক রাসেলকে ধরতে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।