ভোলা প্রতিনিধিঃ ভোলার সদর উপজেলায় প্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে রাতের আঁধারে পৈশাচিক কায়দায় কুপিয়ে হত্যার ঘটনায় মূল হোতাকে পাকড়াও করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. জিহাদ (২৫) নিবিড় জিজ্ঞাসাবাদের মুখে হত্যাকাণ্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। রোববার (১৯ এপ্রিল) তাকে আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠানো হয়েছে।
গত শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত রাতে সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে নিজ ঘরের ভেতর আক্রান্ত হন নাসিমা বেগম। দুর্বৃত্তরা অত্যন্ত বর্বরোচিতভাবে তাকে কুপিয়ে ফেলে রেখে যায়, যা স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। নিহত নাসিমার স্বামী প্রবাসে থাকার সুযোগে এই হামলা চালায় ঘাতক।
এ ঘটনায় নিহতের চাচা মো. নাজিম উদ্দিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে নড়েচড়ে বসে প্রশাসন। ভোলা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে সদর মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক টিম একযোগে অভিযানে নামে। তথ্য-প্রযুক্তির নিখুঁত বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে শনিবার শিবপুর এলাকা থেকেই প্রধান আসামি জিহাদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জিহাদ ওই একই এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদেই সে পুলিশের কাছে হত্যার রোমহর্ষক বর্ণনা দিয়েছে।
ভোলা সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, আসামিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত মোটিভ বা নেপথ্যের কারণ উদঘাটনের চেষ্টা চলছে। রোববার দুপুরে তাকে কড়া নিরাপত্তায় আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়ে উঠেছেন স্থানীয় এলাকাবাসী।

