দাওয়াত না দেওয়ায় স্কুলে তালা দিলেন বিএনপি নেতা

0
দাওয়াত না দেওয়ায় স্কুলে তালা দিলেন বিএনপি নেতা

সুমন গাজী: গাজীপুরের শ্রীপুরে বিএনপির নেতাকে বিদায় অনুষ্ঠানে নিমন্ত্রণ না করায় দলবল নিয়ে অনুষ্ঠানে এসে অনুষ্ঠান পন্ড করে অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেন। এসময় আতঙ্কিত হয়ে এদিকসেদিক ছুটাছুটি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষককে শাসিয়ে ভেঙে ফেলা হয় মাইকের রিসিভার।

রবিবার(১৯ এপ্রিল) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত সানোয়ার হোসেন আওয়াল উপজেলার গাজীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সানোয়ার উদ্দিন বলেন, ২০২৬ সালে এসএসসি পরিক্ষার্থী সংখ্যা ৭৪ জন। রবিবার সকাল ১০টার দিকে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র বিজয় মাত্র কুরআন তেলাওয়াত শেষ করে সামনে বসে। এসময় বিএনপির নেতা সানোয়ার হোসেন আওয়াল তার লোকজন নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে। এসময় উচ্চস্বরে খারাপ ভাষায় গালাগাল করে আমার হাত থেকে রিসিভার কেড়ে নিয়ে ভেঙে ফেলে। অনুষ্ঠানে কেন দাওয়াত দেয়নি এই বলে আমার গায়ে হাত দিয়ে ধাক্কাধাক্কি করে অনুষ্ঠান পন্ড করে চলে যেতে হুমকি ধামকি দেয়। এসময় বাঁধা দিলে শিক্ষকদের গালাগাল করে। স্কুলের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করে। ভয়ে আতংকিত হয়ে শিক্ষার্থী এদিকসেদিক ছুটাছুটি করে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। তিনি আরও জানান নিয়ম অনুযায়ী আশপাশের গণমাণ্য ব্যক্তিসহ অভিভাবকদের নিমন্ত্রণ করা হয়েছে। তবুও অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।

বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. শামসুল হক বলেন, বিএনপির নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ার কারণে বিদায় অনুষ্ঠান পন্ড করে দিয়েছে। শিক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান করা সম্ভব হয়নি। একজন কর্মচারীকে মারধর করা হয়েছে।

শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, প্রধান অতিথি বিষয়টি অবহিত করেছেন যে বিএনপির কিছু লোকজন এসে অনুষ্ঠান পন্ড করে স্কুলের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়। বিষয়টি উর্ধ্বেতন কতৃপক্ষের নজরে দেওয়া হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, বিষয়টি অবগত হয়েছি। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।