নরসিংদী প্রতিধিঃ নরসিংদীর মাধবদীতে প্রেমঘটিত সম্পর্কের জেরে রক্তক্ষয়ী সংঘাত ও ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রেমিকার পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কোপে সাজ্জাত হোসেন (২২) নামের এক যুবক আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ স্বজনরা প্রেমিকার বাড়িসহ অন্তত চারটি ঘরে আগুন ধরিয়ে দেয়। রোববার (২৬ এপ্রিল) রাত ১০টার দিকে মাধবদী পৌরসভার খরমুদ্দি এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, খরমুদ্দি এলাকার সাজ্জাতের সাথে একই এলাকার আমির হোসেনের মেয়ে ফারজানা আক্তারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ফারজানার পরিবার এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছিল। সম্প্রতি ফারজানা সাজ্জাতের সাথে পালিয়ে গেলেও পরিবার তাকে ফিরিয়ে আনে। রোববার সকালে ফারজানা পুনরায় সাজ্জাতের কাছে চলে গেলে ক্ষিপ্ত হয়ে প্রেমিকার ভাই ও চাচারা সাজ্জাতের ওপর সশস্ত্র হামলা চালায়। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ঘাতকরা পালিয়ে যায়।
সাজ্জাতকে কোপানোর খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার ক্ষুব্ধ স্বজন ও সমর্থকরা প্রতিশোধ নিতে মাঠে নামে। তারা প্রেমিকার বাড়ি, তার চাচা ও ফুফুর বাড়িসহ মোট চারটি বসতঘরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. রায়হান জানান, খবর পেয়ে অগ্নি নির্বাপক বাহিনী ঘটনাস্থলে পৌঁছালেও স্থানীয়দের বাধার মুখে তারা কাজ শুরু করতে পারেনি। এতে ঘরের আসবাবপত্র ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
আহত সাজ্জাত হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা বর্তমানে সংকটাপন্ন।
মাধবদী থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তদন্ত চলছে। লিখিত অভিযোগের ভিত্তিতে অপরাধীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।
একটি প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে দুই পরিবারের জেদ আর সহিংসতায় একদিকে যুবকের জীবন বিপন্ন, অন্যদিকে চারটি পরিবার এখন গৃহহীন। পুরো এলাকায় বর্তমানে থমথমে উত্তেজনা বিরাজ করছে।

