বিশ্বমঞ্চে বাংলাদেশের বিশাল কূটনীতি জয়: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

0
বিশ্বমঞ্চে বাংলাদেশের বিশাল কূটনীতি জয়: জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান

কূটনৈতিক প্রতিবেদকঃ জাতিসংঘে বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক ও গৌরবোজ্জ্বল অধ্যায় সূচিত হলো। বিশ্বমঞ্চে অনন্য এক কূটনীতি জয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি (PGA) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অনুষ্ঠিত এক হাই-ভোল্টেজ নির্বাচনে তিনি সাইপ্রাসের হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করে এই মর্যাদাপূর্ণ শীর্ষ পদে আসীন হন। আগামী এক বছর তিনি বিশ্বসংস্থার নীতি-নির্ধারণী এই পরিষদের গুরুদায়িত্ব পালন করবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের এই নির্বাচনটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ড. খলিলুর রহমানের বিপরীতে লড়েছিলেন সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত তথা অভিজ্ঞ কূটনীতিক আন্দ্রেয়াস এস কাকোরিস। তবে শেষ পর্যন্ত বিশ্বনেতাদের আস্থা অর্জনে সফল হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।

ভোটাভুটিতে বাংলাদেশের পক্ষে ব্যালট বাক্সে পড়ে ৯৯টি ভোট। ড. খলিলুর রহমান জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হয়ে এই বিশ্বমঞ্চের হাল ধরবেন।

জাতিসংঘে বাংলাদেশের জন্য এটি দ্বিতীয়বারের মতো সর্বোচ্চ আসনে বসার গৌরব। এর আগে দীর্ঘ ৩৬ বছর পূর্বে, ১৯৮৬ সালে বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী জাতিসংঘের ৪১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ড. খলিলুর রহমানের এই বিজয়ের মধ্য দিয়ে ২০২৬ সালে এসে আবারও বিশ্বমঞ্চের কেন্দ্রে জায়গা করে নিল বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রীর এই অনন্য বিশ্বজয়ে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বিশেষ বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

“এই অসামান্য অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের ক্রমবর্ধমান অবদান, মর্যাদা ও বিশ্বাসযোগ্যতারই একটি উজ্জ্বল প্রতিফলন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ড. খলিলুর রহমান আন্তর্জাতিক অঙ্গনে অত্যন্ত গর্বের সাথে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বৈশ্বিক বহুপাক্ষিক সংকট ও অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি সংযোগ, সংলাপ এবং পারস্পরিক সহযোগিতার নতুন সেতু বন্ধন তৈরি করবেন।”

প্রধানমন্ত্রী তার পোস্টে নবনির্বাচিত সভাপতির আগামী এক বছরের মেয়াদের সর্বাঙ্গীণ সাফল্য ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের এই অগ্রযাত্রার ধারাবাহিকতা কামনা করেন।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, ড. খলিলুর রহমানের এই জয় জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক শান্তি রক্ষা এবং উন্নয়নশীল দেশগুলোর অধিকার আদায়ে বাংলাদেশের নেতৃত্বকে আরও সুসংহত করবে।