ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় এক বিএনপি নেতার জুয়া খেলার আসরে উপস্থিত থাকার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
অভিযোগের তীর উঠেছে ফুলবাড়ীয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবনের দিকে। সম্প্রতি ফেসবুকে ভাইরাল হওয়া একটি স্থিরচিত্রে তাকে জুয়ার আসরে বসে থাকতে দেখা যায় বলে স্থানীয়রা দাবি করেছেন।
অনুসন্ধানে জানা যায়, ফুলবাড়ীয়া, ত্রিশাল ও ভালুকা— এই তিন উপজেলার সংযোগস্থলে অবস্থিত কান্দানিয়া বাজারটি অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। তবে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ, গত এক বছর ধরে এই বাজারের দক্ষিণ পাশে প্রায় প্রতি রাতেই নিয়মিত জুয়া ও মাদকের আসর বসছে। এর ফলে ঐতিহ্যবাহী এই বাজারটির বাণিজ্যিক পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে-অপ্রকাশ্যে জুয়ার আসর বসলেও তা বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেই। সন্ধ্যার পর বাজারের পরিবেশ এতটাই অস্বস্তিকর হয়ে ওঠে যে ক্রেতারা দ্রুত চলে যেতে বাধ্য হন। এতে তরুণ সমাজ যেমন ধ্বংস হচ্ছে, তেমনি আমরা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছি। প্রশাসনের অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।”
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, দুই ব্যক্তি তাস খেলছেন এবং সামনে বিছানো পত্রিকার ওপর টাকা রাখা রয়েছে। ঠিক তার পাশেই বসে আছেন সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন।
তবে এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন বিএনপি নেতা শাহীনুর মল্লিক জীবন। এটিকে রাজনৈতিক প্রতিপক্ষের ‘প্রযুক্তিগত চাল’ হিসেবে অভিহিত করে তিনি বলেন,
“ভাইরাল হওয়া বিষয়টি একটি স্থিরচিত্র, কোনো ভিডিও নয়। বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা এআই প্রযুক্তির মাধ্যমে যেকোনো ছবি বিকৃত বা তৈরি করা অত্যন্ত সহজ। রাজনৈতিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা এবং জনমনে বিভ্রান্তি ছড়াতে প্রতিপক্ষরা এই অপপ্রচার চালাচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “আমি এলাকায় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা ও সামাজিক সংগঠনের নেতৃত্বের সঙ্গে জড়িত। এছাড়া আমি নিজে একজন বিশ্ববিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থী। আমার রাজনৈতিক ভবিষ্যৎ ও সুনাম ক্ষুণ্ন করতেই পরিকল্পিতভাবে এই ষড়যন্ত্র করা হচ্ছে। এর আগেও আমার নামে এমন ভুয়ো ছবি ছড়ানো হয়েছিল।”
বিষয়টি নিয়ে ফুলবাড়ীয়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, ভাইরাল হওয়া ছবিটি প্রশাসনের নজরে এসেছে। যেহেতু তিনি সম্প্রতি এই থানায় যোগদান করেছেন, তাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ওসি বলেন, “ছবিতে যাকে দেখা যাচ্ছে, তিনি সাবেক ইউপি চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে ছবিটি আসলে কতদিন আগের এবং এর পেছনের প্রকৃত সত্যতা কী, তা তদন্ত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে সত্যতা প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা ও কৌতূহল বিরাজ করছে। সাধারণ মানুষ ও সচেতন মহল ঘটনাটির একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত দাবি করেছেন।

