নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ‘এসবি পরিবহন’: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালক-সহকারী হাসপাতালে

0
নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় ‘এসবি পরিবহন’: অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা, চালক-সহকারী হাসপাতালে

রাজবাড়ী প্রতিনিধিঃ ভয়াবহ এক দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে তলিয়ে গেছে ‘এসবি সুপার ডিলাক্স’ পরিবহনের একটি বাস। তবে সৌভাগ্যবশত, নদীতে পড়ে যাওয়ার ঠিক আগমুহূর্তেই বাসের সব যাত্রী ঘাটে নেমে যাওয়ায় বড় ধরনের কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া ফেরিঘাটের ৭ নম্বর পন্টুনে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের যৌথ প্রচেষ্টায় বাসটি নদী থেকে টেনে তোলা হয়।

ঘাট কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি দৌলতদিয়ার ৭ নম্বর ঘাটে ফেরিতে ওঠার জন্য অপেক্ষা করছিল।

এসবি সুপার ডিলাক্স পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক বারেক শেখ ঘটনার বিবরণ দিয়ে জানান “ঘাটের এক পাশে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামের বড় ফেরিটিতে যানবাহন উঠছিল। বাসটি ওই ফেরিতে ওঠার চেষ্টা করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপর পাশে থাকা আরেকটি মাঝারি ফেরির র‍্যামে সজোরে আঘাত করে। ধাক্কার তীব্রতায় পন্টুনের ঢালা ও র‍্যাম ভেঙে বাসটি সরাসরি পদ্মা নদীতে ছিটকে পড়ে।”

ফেরিঘাট সূত্র নিশ্চিত করেছে, ফেরিতে ওঠার আগেই বাসের যাত্রীদের ঘাটে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে বাসটি যখন নদীতে পড়ে, তখন ভেতরে কোনো যাত্রী ছিলেন না। তবে বাসের ভেতরে থাকা চালক, হেলপার ও সুপারভাইজার বাসের সাথেই তলিয়ে যান। পরবর্তীতে স্থানীয় ও উদ্ধারকারীদের তৎপরতায় তাদের নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। যাত্রী না থাকায় এক বড় বিপর্যয় থেকে রক্ষা মিলেছে।”

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, কোস্ট গার্ড এবং একটি বিশেষ ডুবুরি দল। উদ্ধারকাজে যোগ দেয় শক্তিশালী উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। প্রায় আড়াই ঘণ্টার একটানা যৌথ অভিযান শেষে দুপুর ১২টার দিকে বাসটি নদী থেকে ওপরে তুলতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বাসের ভেতর আর কেউ আটকে ছিলেন না।

আজকের এই দুর্ঘটনাটি দৌলতদিয়া ঘাটে উপস্থিত সাধারণ মানুষ এবং যাত্রীসাধারণের মনে গত ২৫ মার্চের সেই ভয়াবহ স্মৃতিকে আবারও তাজা করে তুলেছে। উল্লেখ্য, গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় তলিয়ে গিয়েছিল। সেই মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছিল।

আজকের ঘটনায় ২৬ মার্চের সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি না হলেও, ফেরিঘাটগুলোর পন্টুন ব্যবস্থাপনা এবং চালকদের নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে আরও সচেতনতা ও নজরদারির দাবি তুলেছেন সাধারণ যাত্রীরা।