কুয়াকাটায় ৫০০ শিক্ষার্থীর ‘প্লাস্টিকমুক্ত’ সৈকত গড়ার মহৎ উদ্যোগ, ব্যানারে কক্সবাজারের ‘সাম্পান’ ও প্লাস্টিক ব্যবহারে ক্ষোভ

0
কুয়াকাটায় ৫০০ শিক্ষার্থীর ‘প্লাস্টিকমুক্ত’ সৈকত গড়ার মহৎ উদ্যোগ, ব্যানারে কক্সবাজারের ‘সাম্পান’ ও প্লাস্টিক ব্যবহারে ক্ষোভ

কলাপাড়া প্রতিনিধিঃ পর্যটকদের অসচেতনতা এবং যথাযথ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। প্রতিনিয়ত জমা হওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের মোড়ক অপসারণে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক বিশাল পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। তবে ‘প্লাস্টিকমুক্ত কুয়াকাটা-২০২৬’ শীর্ষক এই প্রশংসনীয় উদ্যোগটি ঘিরে স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মাঝে তীব্র ক্ষোভ ও সমালোচনার ঝড় উঠেছে। প্রচারসামগ্রীতে কুয়াকাটার নিজস্ব প্রতীকের পরিবর্তে কক্সবাজারের ‘সাম্পান’ নৌকার ছবি ব্যবহার এবং অভিযানেই প্লাস্টিকের বোতল ব্যবহার করায় এই অসন্তোষ তৈরি হয়।

শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে দশটায় স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’ ও ‘কোলস গ্লোবাল’-এর যৌথ আয়োজনে সৈকতের প্রায় ২ কিলোমিটার এলাকায় এই পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান চালানো হয়।

জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী এই অভিযানে অংশ নেন। শিক্ষার্থীরা কুয়াকাটা সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণ প্লাস্টিক ও কঠিন বর্জ্য সংগ্রহ করেন। একই সাথে সৈকত পরিচ্ছন্ন রাখতে পর্যটকদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারণা চালানো হয়।

এর আগে সকাল ১০টায় কলাপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের ‘পায়রা’ সভাকক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিল আহমেদ। এছাড়া কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউসার হামিদসহ স্থানীয় সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরিবেশ রক্ষায় এমন বড় উদ্যোগকে সাধুবাদ জানালেও কর্মসূচির ব্যানার, টি-শার্ট ও ক্যাপে কুয়াকাটার নিজস্ব কোনো প্রতীক না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। কুয়াকাটার ঐতিহ্যবাহী ‘লাল কাঁকড়া’ বা ‘কুয়া’র ছবির বদলে চট্টগ্রামের ঐতিহ্য ও কক্সবাজারের পরিচিতি ‘সাম্পান’ নৌকার ছবি ব্যবহার করাকে আয়োজকদের চরম অবহেলা ও পরিকল্পনার ঘাটতি হিসেবে দেখছেন তারা।

পাশাপাশি, ‘প্লাস্টিকমুক্ত’ স্লোগানের এই কর্মসূচিতেই আয়োজক ও অংশগ্রহণকারীদের প্লাস্টিকের পানির বোতল ও অন্যান্য প্লাস্টিক সামগ্রী দেদারসে ব্যবহার করতে দেখা যায়, যা পরিবেশবাদীদের নজর কেড়েছে।

কুয়াকাটা ট্যুর গাইড অ্যাসোসিয়েশনের সভাপতি কেএম বাচ্চু বলেন, “পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে প্লাস্টিকমুক্ত করার কর্মসূচিতে নিজেদেরই প্লাস্টিক ব্যবহার এবং কুয়াকাটার পরিবর্তে কক্সবাজারের প্রতীক ব্যবহার করা চরম হতাশাজনক।”

কুয়াকাটা হোটেল-মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি ইব্রাহিম ওয়াহিদ জানান, “এই আয়োজনটি কুয়াকাটার বৈশ্বিক ব্র্যান্ডিংয়ের একটি বড় সুযোগ হতে পারত। কিন্তু স্থানীয় ইতিহাস ও পরিচয় ফুটিয়ে না তুলে তা নষ্ট করা হয়েছে।”

হোটেল সমুদ্র বিলাসের ব্যবস্থাপনা পরিচালক ডা. ইসমাইল ইমন বলেন, “ভবিষ্যতে এমন আয়োজনে স্থানীয় বৈশিষ্ট্য ও আবেগ তুলে ধরা ভীষণ জরুরি।”

সমালোচনা ও ভুলের বিষয়ে দুঃখ প্রকাশ করে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মুইনুল আহসান ফয়সাল বলেন, “আমরা মূলত কুয়াকাটার প্রতীক হিসেবে লাল কাঁকড়া ও স্থানীয় ট্রলারের বিষয়টি তুলে ধরতে চেয়েছিলাম, ডিজাইনে হয়তো ভুল বোঝাবুঝি হয়েছে। আর হঠাৎ বৃষ্টির কারণে কিছু প্লাস্টিক সামগ্রী ব্যবহার করতে হয়েছিল। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে আমরা আরও সতর্ক থাকব।”

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ জানান, “এটি যেহেতু একটি বেসরকারি উদ্যোগ ছিল, তাই প্রশাসনের সরাসরি তদারকি ছিল না। তবে বিষয়টি আমাদের নজরে এসেছে। ভবিষ্যতে এই ধরনের জাতীয় বা স্থানীয় গুরুত্বসম্পন্ন কর্মসূচিতে যাতে কুয়াকাটার পরিচয় যথাযথভাবে উপস্থাপিত হয়, তা নিয়ে আমরা আয়োজকদের সাথে কথা বলব।”