ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের অঙ্গীকার: ল্যাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

0
ঢাকা-মস্কো সম্পর্ক জোরদারের অঙ্গীকার: ল্যাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপক্ষীয় বৈঠক

আজকের ডেস্কঃ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সম্প্রসারণ ও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। স্থানীয় সময় সোমবার (৮ জুন) মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে বর্তমানে মস্কো সফর করছেন ড. খলিলুর রহমান। বৈঠকে দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক বিষয় এবং জাতিসংঘসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সম্পৃক্ততা ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির এবং রাশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম।

বৈঠকের শুরুতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়নের ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি উল্লেখ করেন, বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া প্রথম দিকের দেশগুলোর মধ্যে অন্যতম ছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন। আগামী ২০২৭ সালে বাংলাদেশ ও রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫৫ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে। উভয় পররাষ্ট্রমন্ত্রীই এই মাইলফলকটি উদযাপনের বিষয়ে যৌথ প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে উষ্ণ অভিনন্দন জানান সের্গেই ল্যাভরভ। জবাবে খলিলুর রহমান তার ইউএনজিএ সভাপতির প্রার্থিতার প্রতি রাশিয়ার জোরালো সমর্থনের জন্য দেশটির সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ব্রিকস ও এসসিও-তে সমর্থন: বৈঠকে ব্রিকস (BRICS) এবং সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) সদস্যপদ অর্জনের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি রাশিয়ার সমর্থন চান খলিলুর রহমান। জবাবে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এ বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তিনি রুশ বাজারে বাংলাদেশি পণ্যের জন্য শুল্কমুক্ত ও কোটামুক্ত (DFQF) প্রবেশাধিকার দেওয়ার আহ্বান জানান এবং বাংলাদেশি পণ্যের নিবন্ধন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার অনুরোধ করেন।

পাশাপাশি, বাংলাদেশ ও ইউরেশিয়ান ইকোনমিক কমিশনের (EEC) মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) সম্পাদনে রাশিয়ার সহযোগিতা কামনা করেন তিনি। উল্লেখ্য, বর্তমানে ইইসির সদস্য দেশ পাঁচটি— রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাখস্তান ও কিরগিজস্তান।

বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল (SEZ) ও হাইটেক পার্কে রাশিয়ার উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান খলিলুর রহমান। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে নিম্নোক্ত উদীয়মান খাতগুলোতে রাশিয়ার বিনিয়োগের ব্যাপক সুযোগ রয়েছে হালকা ও ভারী প্রকৌশল শিল্প, খাদ্য ও কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পেট্রোকেমিক্যাল ও ইস্পাত উৎপাদন, তথ্যপ্রযুক্তি (IT) খাত

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে জ্বালানি লোডিং শেষ হওয়ায় রাশিয়া সরকারকে ধন্যবাদ জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে পূর্বপরিকল্পনা অনুযায়ী দ্বিতীয় ইউনিটটি দ্রুত চালু করতে রাশিয়ার প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি। বৈঠকে শিল্প, বিদ্যুৎ ও জ্বালানি, কৃষি, গবেষণা ও প্রযুক্তি, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, পরিবহন এবং প্রতিরক্ষা খাতে বিদ্যমান সহযোগিতা পর্যালোচনা করে এসব ক্ষেত্রে অংশীদারিত্ব আরও বাড়ানোর বিষয়ে দুই দেশ একমত হয়।

বাংলাদেশ থেকে রাশিয়ায় আরও জনশক্তি নিয়োগ এবং তাদের জন্য নিরাপদ কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে দুই মন্ত্রীর মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। দুই দেশের মধ্যে অপেক্ষমাণ সমঝোতা স্মারক (MoU) ও চুক্তিগুলো, বিশেষ করে পুনরায় গ্রহণ (রিডমিশন) চুক্তি এবং মানবসম্পদ সংক্রান্ত চুক্তি দ্রুত শেষ করার ওপর জোর দেওয়া হয়।

এছাড়া, বর্তমানে রাশিয়ায় আটকে থাকা কয়েকজন বাংলাদেশিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার বিষয়ে রুশ সরকারের সহযোগিতা কামনা করলে ল্যাভরভ এ বিষয়ে পূর্ণ বিবেচনার আশ্বাস দেন।

বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিয়ে বৈঠকে আলোচনা হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ জানান, রোহিঙ্গা সংকটের একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী সমাধান খুঁজে বের করতে রাশিয়া সহযোগিতা করতে আন্তরিকভাবে আগ্রহী।

মস্কো সফরে উষ্ণ ও আন্তরিক আতিথেয়তার জন্য রুশ পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ড. খলিলুর রহমান।