গাজীপুরে বাসাবাড়ি ও মার্কেটে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

0
গাজীপুরে বাসাবাড়ি ও মার্কেটে অগ্নিকাণ্ড, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সদর উপজেলায় বাসাবাড়ি ও মার্কেটে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ও ৮ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের নাসরিন সুলতানার বাড়ি সংলগ্ন একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পর মুহূর্তের মধ্যেই তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং বসতঘরসহ ১১টি ঘর আগুনে পুড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও দ্রুত তা ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এ ঘটনায় দোকানের মালামাল ও বসতঘর মিলিয়ে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বাড়ির মালিক নাসরিন সুলতানা বলেন, সকালে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে আমরা নিশ্চিত হয়েছি যে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি আরও জানান, এ অগ্নিকাণ্ডে দোকানের মালামাল ও বসতবাড়িসহ মোট প্রায় ৫২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

জয়দেবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার কর বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজেন্দ্রপুর–চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ আবু সায়েম মাসুম (পিএফএম) জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ৮টি দোকান ও ৩টি কক্ষ পুড়ে যায়।