কুলাউড়ায় বিএসএফের গুলি: মনু নদীতে বাংলাদেশি যুবক নিহত

0
কুলাউড়ায় বিএসএফের গুলি: মনু নদীতে বাংলাদেশি যুবক নিহত

মৌলভীবাজার প্রতিনিধিঃ দেশজুড়ে পুশইন ও সীমান্ত হত্যার তীব্র প্রতিবাদের মাঝেই মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান (২৬) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামেন মুজিবুর রহমান। একপর্যায়ে তিনি ভারতীয় সীমানার কাছাকাছি চলে গেলে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দীর্ঘ সময় তার মরদেহ সেখানেই পড়ে ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অন্যদিকে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, গুলির খবর পেয়ে বিজিবি বিস্তারিত তথ্য সংগ্রহ ও আইনি প্রক্রিয়ার প্রস্তুতি নিচ্ছে।

নতুন সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম মাসে (ফেব্রুয়ারি-মার্চ) সীমান্তে কোনো হত্যাকাণ্ড না ঘটায় পরিস্থিতি ইতিবাচক মনে হয়েছিল। তবে পরবর্তী মাসগুলোতে (মার্চ থেকে জুন) সীমান্ত পরিস্থিতি চরম অবনতির দিকে যায়।

মানবাধিকার কর্মীদের মতে, গত মে মাসের শেষভাগ থেকে ভারত থেকে পুশইনের (জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার) চেষ্টা অতীতের যেকোনো সময়ের চেয়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে। বিশেষ করে ভারতে সাম্প্রতিক বিধানসভা নির্বাচন শেষ হওয়ার পর থেকে এই প্রবণতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশজুড়ে এসব পুশইন ও সীমান্ত হত্যার বিরুদ্ধে যখন তীব্র বিক্ষোভ ও সমাবেশ চলছে, ঠিক তখনই কুলাউড়ায় নতুন করে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।