
চট্টগ্রাম ব্যুরো: সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা এবং ধর্মীয় অনুশাসন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিসীম বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। আর এই সেনাবাহিনীর নেতৃত্বের মূল দায়িত্ব অর্পিত থাকে অফিসারদের ওপর।
বৃহস্পতিবার (১৮ জুন) চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সেনাপ্রধান কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং প্যারেডে অভিবাদন গ্রহণ করেন। বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়নের নানামুখী পরিকল্পনার কথা উল্লেখ করে জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, “ক্যাডেটদের প্রশিক্ষণের মানোন্নয়ন, আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ এবং যুগোপযোগী প্রশিক্ষণের ধারাবাহিকতা রক্ষার জন্য বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ‘দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের’ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আজই উদ্বোধন করা হলো।”
তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, এই নতুন ব্যাটালিয়নটি আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, চৌকস ও যোগ্য নেতৃত্ব তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে এই কুচকাওয়াজের মাধ্যমে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। এদের মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন নারী অফিসার রয়েছেন।
বাংলাদেশি ক্যাডেটদের পাশাপাশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই একাডেমি থেকে ৪ জন ফিলিস্তিন, ১ জন তানজানিয়া, ১ জন জাম্বিয়া এবং ১ জন মালদ্বীপের অফিসার ক্যাডেটসহ মোট ৭ জন বিদেশি ক্যাডেট সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন, যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদান করবেন।
৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে অসামান্য কৃতিত্বের জন্য পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান। কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকস ক্যাডেট হিসেবে গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। এ ছাড়া প্রশিক্ষণপ্রাপ্ত সর্বশ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসেবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ অর্জন করেন তানজানিয়ার ক্যাডেট সার্জেন্ট আবু বকর।
কুচকাওয়াজ শেষে প্রশিক্ষণ সমাপনকারী নবীন ক্যাডেটরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ গ্রহণ করেন। এরপর উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং নবীন অফিসারদের গর্বিত মা-বাবা ও অভিভাবকরা তাদের ‘র্যাঙ্ক-ব্যাজ’ পরিয়ে দেন।
রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বিএমএ-তে সদ্য প্রতিষ্ঠিত ‘২য় বাংলাদেশ ব্যাটালিয়ন’ ফলক উন্মোচন করেন। এর পাশাপাশি তিনি মিলিটারি একাডেমিতে নবনির্মিত সিএমএইচ (ভাটিয়ারি), দৃষ্টিনন্দন বিএমএ পার্ক, আধুনিক বিএমএ সুইমিং পুল এবং এমইএস অফিস কমপ্লেক্স প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এর আগে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট এবং ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও চট্টগ্রাম এরিয়া কমান্ডার।
মনোজ্ঞ এই কুচকাওয়াজ অনুষ্ঠানে জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা, তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, নবীন অফিসারদের অভিভাবক এবং গণমাধ্যম ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন।
