আমতলী প্রতিনিধিঃ প্রতিষ্ঠার দীর্ঘ ৫০ বছর পেরিয়ে গেলেও ভাগ্যের উন্নয়ন ঘটেনি বরগুনার আমতলী উপজেলার কুকুয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের। জোটেনি একটি সরকারি ভবন বা ন্যূনতম একটি ভালো টিনের ঘর। উল্টো মূল ভবনটি চরম ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও তা পরিত্যক্ত ঘোষণা না করেই দীর্ঘ পাঁচ বছর ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলছে সাড়ে পাঁচশত শিক্ষার্থীর পাঠদান।
বর্তমানে বিদ্যালয়টিতে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাতে যেকোনো সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৮৫ সালের ঐতিহাসিক ‘জগন্নাথ হল ট্র্যাজেডি’র চেয়েও বড় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকরা।
১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে দীর্ঘ পাঁচ দশকেও অবকাঠামোগত কোনো ছোঁয়া লাগেনি। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের মূল দ্বিতল ভবনটি বর্তমানে সম্পূর্ণ জরাজীর্ণ। ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ছে, দেওয়ালে দেখা দিয়েছে বিশাল ফাটল এবং ভেতরের মরিচাধরা রড বেরিয়ে এসেছে। সামান্য বৃষ্টি হলেই ছাদ চুইয়ে ক্লাসরুমে পানি পড়ে। তখন পুরো শ্রেণিকক্ষই পাঠদানের অনুপযোগী হয়ে পড়ে।
মূল ভবনের পাশাপাশি পরবর্তীতে তৈরি করা ছোট দুটি হাফ-বিল্ডিংয়ের অবস্থাও একই রকম জরাজীর্ণ ও তথৈবচ।
বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন বাধ্য হয়েই শত শত কোমলমতি শিক্ষার্থীকে এই ‘মৃত্যুকূপ’ ভবনে বসেই ক্লাস করতে হচ্ছে। স্থানীয় সচেতন মহল ও অভিভাবকদের মতে, বিদ্যালয় ভবনটি অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করা উচিত ছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতা এবং নতুন ভবন নির্মাণের কোনো উদ্যোগ না থাকায় শিক্ষকরা বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
“সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে আমরা সবসময় আতঙ্কে থাকি। কখন মাথার ওপর ছাদ ধসে পড়ে সেই চিন্তায় বুক কাঁপে। আমরা দ্রুত এখানে একটি নতুন সরকারি ভবন চাই।” — একজন উদ্বিগ্ন অভিভাবক
বিদ্যালয়টির এই চরম দুরাবস্থা নিরসনে এবং বড় ধরনের কোনো প্রাণহানি বা দুর্ঘটনা এড়াতে জরুরি ভিত্তিতে সরকারি হস্তক্ষেপ কামনা করেছেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসী। তারা অবিলম্বে একটি নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

